আগামী পাঁচ বছরের মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচরকে একটি সুন্দর ও পরিকল্পিত শহরে রূপান্তর করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
কামরাঙ্গীরচরের সম্ভাবনার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘পৃথিবীর বহু শহর একসময় ময়লা-আবর্জনায় বিপর্যস্ত হলেও পরবর্তীতে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। কামরাঙ্গীরচরের সূচনা প্রতিকূল পরিবেশে হলেও সবার সহযোগিতা ও সঠিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে এটিকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব।’
কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, ‘তোমরা সবাই এক একটি ফুটন্ত ফুল। তোমাদের মেধা ও সুবাসেই আগামী দিনে কামরাঙ্গীরচর আলোকিত হয়ে উঠবে। নিজেদের সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি চারপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তোমাদের নিতে হবে।’
অনুষ্ঠানে কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









