রাজধানীতে রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। রাস্তায় এত পানি জমেছে হাঁটাচলায় কঠিন হয়ে পড়েছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়।
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়।
মালিবাগসহ কিছু এলাকায় প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে বিভিন্ন দোকানে পানি ঢুকে পড়ে।
জলাবদ্ধতার কারণে রিকশা ও গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমা ও পাইপলাইনে জমে থাকা ময়লা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটছে বলে দাবি নগরীর বাসিন্দাদের।
সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আজ ভোর ৪টা থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাতের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কিছু নিম্নাঞ্চলে ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘কোথাও কোথাও সড়কে পানি জমে গেছে। এতে করে যানবাহন চলাচলের সমস্যা হলেও বড় কোন জ্যাম নেই।
ছবি তুলেছেন: আবির আহমেদ সুপ্ত









