বৃষ্টি ছাপিয়ে মুখরিত ঢাকা লিট ফেস্টের প্রথম দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ০১:৪৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ০১:৪৯

লিট ফেস্টের উদ্বোধন করেন সিরিয়ার কবি আদোনিস। সঙ্গে লিট ফেস্টের তিন পরিচালক ও বাংলা একাডেমির মহাপরিচালক নভেম্বর মাসের বৃষ্টিকে হঠাৎ বৃষ্টি বা নভেম্বর রেইন উপমা দেওয়ার চল বহু পুরনো। তবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে শংকাটাই ছিল বেশি। তবে কি নভেম্বর মাসের সুখকর বৃষ্টি ঢাকা লিট ফেস্টের প্রথমদিনকে বিষণ্ন করে তুলবে? সব ছাপিয়ে বৃষ্টির সুরের সঙ্গে নেদা শাকিবার আধ্যাত্মিক সুর দিয়েই শুরু হয় ঢাকা লিট ফেস্টের প্রথম দিন। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে ছাতা নিয়ে প্রবেশ বাড়ে অতিথি আর দর্শকদের।

বেলা ১১টায় আব্দুল করিম সাহিত্যবিশারদ মঞ্চে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। একে একে মঞ্চে ওঠেন  বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্‌ ও আহসান আকবর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। তাদের সঙ্গে মঞ্চে ওঠেন এই আয়োজনের প্রধান অতিথি সিরিয়ান বংশোদ্ভূত কবি আদোনিস।

লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, ‘এ উৎসব আয়োজন আমরা কেন করি– তা অনেকে জানতে চান। এর উত্তর হলো– আমরা সাহিত্য ও শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে চাই। ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতি আমাদের এতই ঘিরে রাখে যে আমরা অন্য দেশের সংস্কৃতির দিকে তাকানোর সুযোগ পাই না।’ তিনি আরও বলেন, ‘কিন্তু বঙ্গবন্ধু স্বাধীন জাতি হিসেবে আমাদের ভাষা-সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার কথা বলেছিলেন। আমরাও চাই, আমাদের ভাষা-সাহিত্যকে এগিয়ে নিতে, বিশ্বের সামনে আমাদের ভাষা-সাহিত্যকে তুলে ধরতে। লিট ফেস্টেও আমাদের মূল মনোযোগের জায়গাতে থাকে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি।’

সবার বক্তব্য শেষে ফরাসি, আরবি ও স্প্যানিশ ভাষায় লিট ফেস্টের উদ্বোধন ঘোষণা করেন কবি আদোনিস। উদ্বোধন শেষে ঢাকা ট্রান্সলেশন সেন্টারের উদ্যোগে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি গ্রাফিক নভেলের মোড়ক উন্মোচন করেন তিনি। দুপুর সোয়া ১২টার সেশনে এসেছিলেন আরবের আধুনিক সাহিত্যধারার অন্যতম পথিকৃৎ কবি আদোনিস। আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের এই সেশন সঞ্চালনা করেন সাহিত্যিক ও অনুবাদক কায়সার হক। ফরাসি ভাষা থেকে আদোনিসের ভাষ্যের অনুবাদক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফুল হক চৌধুরী।

সেশনের শুরুতে দর্শকদের সঙ্গে সিরিয়ার কবি আদোনিসকে পরিচয় করিয়ে দেন কায়সার হক। এরপর কবি তার নিজের গল্প বলেন নিজেই। বলেন, কিভাবে তিনি আলী আহমেদ সাঈদ থেকে আদোনিস হয়ে উঠেছিলেন। সিরিয়ায় তিনি যখন কবিতা লেখা শুরু করেন, বিভিন্ন পত্রপত্রিকায় সেসব ছাপানোর জন্য পাঠাতেন তিনি। কিন্তু ছাপা হয়নি একটিও। তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘আমি বরাবরই বামপন্থী, আমি মানুষের কবি।’ তার বক্তব্যের সময় মিলনায়তনে তিল ধারণের জায়গা ছিল না।

এরপর পর একযোগে শুরু হয় পাঁচটি সেশন। আব্দুল করিম সাহিত্যবিশারদ মঞ্চে শুরু হয় গ্রাফিক নভেল ‘মুজিব’ নিয়ে আলোচনা। মুজিব নিয়ে আলোচনা করেন বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, কার্টুনিস্ট রাশাদ ইমাম তন্ময়, ব্রিটিশ সাহিত্য জার্নাল গ্রান্টার অনলাইন এডিটর লুক নেইমা, আরজু ইসলাম এবং ভারতীয় সাহিত্যিক জেরি পিন্টো। বক্তাদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের কার্টুন জগতে সুপারহিরোর অভাবের কথা। ‘মুজিব’ নামক গ্রাফিক নভেলের মাধ্যমে সেই অভাব দূর হয়েছে বলেই মনে করেন আলোচকরা।

এ সময় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে চলছিল ‘দ্য শর্ট অব ইট’ শীর্ষক আলোচনা। নাদিম জামানের উপস্থাপনায় সাহিত্য নিয়ে আলোচনায় অংশ নেন নাদিয়া কবির, সালাহউদ্দিন ইমাম ও আমির হুসেইন। তারা সাহিত্যের নানা ধারা নিয়ে কথা বলেন। সেসময় বৃষ্টি ছাপিয়েও লন ছিল মুখরিত। কারণ সেখানে বসেছিলেন দেশের প্রথিতযশা লেখক ইমদাদুল হক মিলন। আহমাদ মোস্তফা কামালের উপস্থাপনায় এই আয়োজনে ইমদাদুল হক মিলন তুলে ধরেন তার লেখক জীবনের কথা। তিনি বলেন, ‘সবকিছু ছাপিয়ে আমি শুধু লেখকই হতে চেয়েছি।’

কসমিক টেন্টে চলে ‘বাংলার নারী দুর্জয় ঘাঁটি’ শীর্ষক সেশন। পাপড়ি রহমানের উপস্থাপনায় এই  সেশনে অংশ নেন সেলিনা হোসেন, নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি ও মিথিলা ফারজানা। বক্তাদের আলোচনায় বাংলার রাজনীতিতে নারীদের সাহসী ভূমিকার কথা উঠে আসে। বেলা ৩টা থেকে আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের মঞ্চে আলোচনায় অংশ নেন ডেভিড হেয়ার ও ইরেশ যাকের। ‘স্টেজিং স্টোরিজ’ শিরোনামের এই আলোচনায় উঠে আসে ১৯৬০ সালে কিভাবে মঞ্চ নাটক নিয়ে দেশ থেকে বিদেশে ঘুরে বেড়িয়েছেন। ৩০ মিনিট পর এই আলোচনায় যোগ দেন বিশিষ্ট অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি তুলে ধরেন স্বাধীনতার পর মঞ্চ নিয়ে কত সংগ্রাম করেছেন। এখন আবার সংকটের মুখে মঞ্চ। সেটি নিয়েও আলোচনা করেন তিনি।

সে সময় শামসুর রাহমান অডিটোরিয়ামে ফেক নিউজ নিয়ে আলোচনা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, গর্গ চট্টোপাধ্যায়, আরিফ জেবতিক ও রুমিন ফারহানা। এটি সঞ্চালনা করেন প্রভাষ আমিন। বক্তারা বলেন, ফেক নিউজের বিরুদ্ধে দাঁড়াতে হবে মূলধারার গণমাধ্যমকে এবং সচেতন হতে হবে পাঠককেও। সারাদিনই শিশুদের জন্যও ছিল বেশ কয়েকটি সেশন। তাদের জন্য কবিতা পড়েন খালেক বিন জয়েন উদ্দিন, আসলাম সানিসহ অন্য অনেক কবি।

বিকালের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জেমকন সাহিত্য পুরস্কার। ১২তম বারের মতো তিন ক্যাটাগরিতে চার সাহিত্যিককে পুরস্কৃত করা হয়। জেমকন সাহিত্য পুরস্কারের স্বীকৃতিস্বরূপ দুটি গাঁথা কাব্য গ্রন্থের জন্য কবি মোহাম্মদ রফিকের হাতে তুলে দেওয়া হয় আট লাখ টাকার চেক। একইসঙ্গে তরুণ কথাসাহিত্য শাখায় গদ্যের পাণ্ডুলিপির জন্য আশরাফ জুয়েল, মামুন অর রশীদ এবং কবিতা শাখায় নুসরাত নুসিনের হাতে পুরস্কার ও নগদ অর্থমূল্য তুলে দেওয়া হয়।

দিন শেষের আকর্ষণ ছিল শেরিফ আল সায়ারের সঞ্চালনায় রোহিঙ্গা ও মানবতা শীর্ষক আলোচনা। এতে অংশ নেন বখতিয়ার উদ্দিন চৌধুরী, সম্পদ বড়ুয়া, হারুন উর রশীদ, তপোধীর ভট্টাচার্য। বক্তাদের আলোচনায় রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকারের অভূতপূর্ব উদ্যোগ, দেশের মানুষের প্রচেষ্টার কথা বারবার উঠে আসে। সেময় ভূ-রাজনৈতিক ইতিহাস, অর্থনীতি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংকটগুলোও প্রতীয়মান হয়ে ওঠে। পাশাপাশি এই সংকট নিরসনে আন্তর্জাতিক সংগঠনগুলোর ভূমিকার কথাও চলে আসে। বক্তারা আশা করেন, আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করবেন।

দিনের শেষ আয়োজন ছিলো ধর্ম ও রাজনীতি নিয়ে আলোচনা। কসমিক টেন্টে এ নিয়ে আলোচনায় বসেন আজিম ইব্রাহিম, চার্লস গ্লাস এবং জেফ কিংসটোন এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও সম্রাট চৌধুরী। বক্তাদের আলোচনায় ধর্ম ও রাজনীতির পাশাপাশি গণতন্ত্র ও ন্যায়পরায়ণতার কথাও উঠে আসে। 

আরও পড়ুন-
পর্দা উঠলো লিট ফেস্টের

আদোনিসের হাতে ‘মুজিব’ গ্রন্থ

আমি মানুষের পক্ষের কবি: আদোনিস

বাংলার নারীরা সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছে

জনপ্রিয় লেখকই হতে চেয়েছিলাম: ইমদাদুল হক মিলন 

/এফএ/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক