সঠিক প্রক্রিয়ায় দলীয় হিসাব জমা না দেওয়ায় বিরোধী দল জাতীয় পার্টিসহ ১২টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই চিঠিতে ওই দলগুলোকে ৩১ আগস্টের মধ্যে সঠিক প্রক্রিয়ায় নতুন করে হিসাব জমা দিতে তাগিদ দেওয়া হয়েছে। এদিকে ৫টি দলকে হিসাব জমা দেওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ইসি। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে পূর্ববর্তী অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। জমা দেওয়ার আগে এই হিসাব অনুমোদিত অডিট ফার্মের মাধ্যমে অডিট করানোর বিধান রয়েছে। তবে কোনও দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে না পারলে আবেদন করে সময় বাড়িয়ে নিতে পারে। এ বছর নির্ধারিত সময় ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ৩৫টি তাদের হিসাব ইসিতে জমা দিয়েছে। বাকি পাঁচটি দল সময় বাড়ানোর আবেদন করেছে।
ইসি সচিবালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে-ইসির কর্মকর্তারা জানান, ১২টি দলের দেওয়া হিসাব সঠিক হয়নি। তারা অডিট করিয়ে হিসাব জমা দিলেও দেখা গেছে কোনও দলের অডিট রিপোর্টে সঠিক স্থানে স্বাক্ষর নেই, আবার কোনও দলের রিপোর্টে সিল নেই। এসব ত্রুটি সংশোধন করে দলগুলোতে আগামী ৩১ আগস্টের মধ্যে পুনরায় হিসাব দিতে রবিবার চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, জাতীয় পার্টিসহ যে ১২ দলকে পুনরায় অডিট রিপোর্ট জমা দিতে হচ্ছে সেগুলো হলো—কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এর মধ্যে জাতীয় পার্টির অডিট রিপোর্টে দলের উপযুক্ত পদধারীর স্বাক্ষর আছে কিন্তু সিল নেই। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের অডিট রিপোর্টের কিছু কিছু পাতায় দলের উপযুক্ত পদধারীর স্বাক্ষর ও সিল নেই। গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ মুসলীম লীগের (বিএমএল) একই সমস্যা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ও কৃষক শ্রমিক জনতা লীগের অডিট রিপোর্টের কিছু কিছু পাতায় নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে কিন্তু স্বাক্ষর নেই। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রথম ও শেষের দুই পাতায় নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাক্ষর আছে, তবে অবশিষ্ট পাতাগুলোয় সিল আছে স্বাক্ষর নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ অডিট রিপোর্টে সারসংক্ষেপ সংযুক্ত করেনি।
এছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে যে ৫টি দলকে ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে—বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোট।
/এমএনএইচ/








