বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হলে সুন্দর ও সম্প্রীতির ঢাকা উপহার দেবো।’ রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর বাজার থেকে তৃতীয় দিনের মতো নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
এদিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনি প্রচারণা শুরু করেন।
ডিএসসিসিবাসীর উদ্দেশে তাপস বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের ইশতেহার ও প্রতীক দেখে ভোটাররা আস্থা রাখবেন এবং তাদের মূল্যবান ভোট দেবেন। আশা করি, আপনারা নৌকা প্রতীককে জয়যুক্ত করে আমাকে মেয়র পদে কাজ করার সুযোগ করে দেবেন।’
তাপস এই সময় ডিএসসিসির রমনা (১৯ নম্বর ওয়ার্ড) থেকে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ও পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল এবং আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রোখসানা ইসলাম চামেলীর পক্ষেও ভোট চান।
শান্তিনগর বাজার মসজিদ মার্কেট এলাকা থেকে শুরু হওয়া প্রচারণায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ মহানগর আওয়ামী লীগ ও দলীয় অন্যান্য অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।








