চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিন হাজার ৭২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৮১৩ জন এবং স্বতন্ত্র এক হাজার ৯১২ জন। ৭২৭টি ইউপির মধ্যে সবটাতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। অপরদিকে সংসদের বাইরে থাকা বড় রাজনৈতিক দল বিএনপির প্রার্থী রয়েছে ৬৭২ জন। এ দলটির ৫৫টি ইউপিতে কোনও প্রার্থী নেই। এই ধাপে ৬টি ইউপিতে একক প্রার্থী রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে ররিবার এ তথ্য পাওয়া গেছে। কমিশনের তথ্য মতে, আওয়ামী লীগ ও বিএনপির বাইরে রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে ১৭৮ জন। গত ৭ এপ্রিল ছিল এ ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৭ মে এ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২৭ মার্চ এ ধাপের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১০ ও ১১ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে ১৯ এপ্রিল।
এবার সারাদেশে ছয়টি ধাপে ইউপি ভোট হচ্ছে। ইতোমধ্যে ২২ মার্চ ও ৩১ মার্চ দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে।
/ইএইচএস/এএইচ/








