পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ অধিদফতরকে আরও দক্ষ ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। অধিদফতরের সব সেবা ডিজিটালাইজড এবং অনলাইনভিত্তিক করা হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ): জার্নি টুওয়ার্ড সিমলেস ট্রেড’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে পরিবেশ অধিদফতরের সমন্বয় বাড়ানো হবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অনেকেই পরিবেশগত ছাড়পত্রকে কেবল আনুষ্ঠানিকতা মনে করেন। তবে এখন থেকে এটি শুধু সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে দেওয়া হবে।’
বাণিজ্য সহজীকরণ প্রক্রিয়ায় পরিবেশগত মানগুলো সংযুক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। আমদানি-রফতানির মাধ্যমে সংবেদনশীল বাস্তুতন্ত্রে প্রভাব প্রতিরোধে বিএসডব্লিউতে শক্তিশালী নজরদারি ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন– প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।








