অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে জলবায়ু সম্মেলনে মতবিরোধ

শেখ শাহরুখ, আনতালিয়া, তুরস্ক থেকে
১৪ নভেম্বর ২০২৬, ২১:১০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২১:১৫

জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার উপায় নিয়ে কপ৩১ সম্মেলনে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দীর্ঘদিনের জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার দাবি জানাচ্ছে উন্নয়নশীল দেশগুলো।

গত ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের সম্মেলন শেষ হওয়ার পর বিভিন্ন বিষয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। অর্থায়নের দায়িত্ব, কার্বন নিঃসরণ কমানো, কার্বন বাজার, জলবায়ুবিষয়ক বিজ্ঞান এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর কাছে অভিযোজন খাতে নিয়মিত ও পূর্বানুমানযোগ্য অর্থায়ন নিশ্চিত করা এখন অন্যতম প্রধান অগ্রাধিকার।

অভিযোজন খাতের অর্থায়ন নিয়ে বড় মতবিরোধ

অভিযোজন খাতের অর্থায়নের হিসাবের মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও বেসরকারি খাতের অর্থ অন্তর্ভুক্ত করার উদ্যোগের সমালোচনা করেছে উন্নয়নশীল দেশগুলো। তাদের বক্তব্য, এসব অর্থায়ন উন্নত দেশগুলোর আর্থিক দায়বদ্ধতার বিকল্প হতে পারে না।

অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটস (এওসিস) এবং লাতিন আমেরিকার দেশগুলোর কয়েকটি জোট উন্নত দেশগুলোকে তাদের দ্বিবার্ষিক স্বচ্ছতা প্রতিবেদনে জাতীয় অভিযোজন পরিকল্পনাভিত্তিক (এনএপি) অর্থায়নের তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে।

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষ থেকেও অভিযোজন পরিকল্পনাকে বাস্তব উদ্যোগে রূপ দিতে একটি বাস্তবায়ন প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নরওয়ে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও জাপান মনে করছে, এতে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পুনরাবৃত্তি হতে পারে।

২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতের অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতি নিয়েও মতবিরোধ রয়েছে। উন্নয়নশীল দেশগুলো এ অর্থায়ন বৃদ্ধির ভিত্তি বা প্রাথমিক পরিমাণ কী হবে, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে। একটি প্রস্তাবে ৪০ বিলিয়ন ডলারকে ভিত্তি হিসেবে ধরার কথা বলা হয়েছে। সে হিসাবে ২০৩৫ সালের মধ্যে অর্থায়নের লক্ষ্যমাত্রা দাঁড়াবে ১২০ বিলিয়ন ডলার। তবে কপ৩১ সম্মেলনে এখনও এ বিষয়ে কোনও সম্মত ভিত্তি নির্ধারণ করা হয়নি।

সম্মেলনে বাংলাদেশ ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সীমা ধরে রাখার সম্ভাবনা বজায় রাখা এবং জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে ব্যয়ের আহ্বান জানিয়েছে। উপকূলীয় এলাকায় বন্যা, লবণাক্ততার অনুপ্রবেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি বাড়তে থাকায় এই দাবি জানানো হয়েছে।

নতুন ঘোষণা সত্ত্বেও অর্থায়নের ঘাটতি

বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো জানিয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে জলবায়ু খাতে তারা ১০৩ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে।

এ ছাড়া মিথেনসহ অন্যান্য অকার্বন ডাই-অক্সাইড গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর উদ্যোগ জোরদার করতে ৪৮০ মিলিয়ন ডলারের অর্থায়নের ঘোষণা এসেছে। জলবায়ু পরিবর্তন নিয়ে ভুল তথ্য মোকাবিলায় জার্মানি ২ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটির অর্থায়ন লক্ষ্যমাত্রা এখনো ৩০০ মিলিয়ন ডলার ঘাটতিতে রয়েছে।

গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির নবম দফা অর্থায়নে সহায়তা ২৭ শতাংশ কমে যাওয়ার খবর নিয়েও উদ্বেগ জানিয়েছে উন্নয়নশীল দেশগুলো। এলডিসি গ্রুপ আরও শক্তিশালী আর্থিক প্রতিশ্রুতির দাবি জানিয়েছে। অন্যদিকে গ্রিন ক্লাইমেট ফান্ডের বাজেট ও নতুন করে অর্থায়নের ব্যবস্থা নিয়েও মতবিরোধ অব্যাহত রয়েছে।

এদিকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের একটি উদ্যোগের প্রথম পর্যায়ে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এ উদ্যোগে বাংলাদেশের পাশাপাশি হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

২৫টি আগ্রহপত্রের ভিত্তিতে এ উদ্যোগে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর প্রথম পর্যায়ের কর্মসূচির জন্য বরাদ্দ রয়েছে ৩০ মিলিয়ন ডলার।

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা নিয়ে বিতর্ক

জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার নিয়েও সম্মেলনে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রামের বর্তমান মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে দেশগুলো একমত হতে পারছে না। সুইজারল্যান্ড স্থায়ীভাবে একটি মিটিগেশন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। তবে মিসর, সৌদি আরবসহ কয়েকটি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

আনুষ্ঠানিক আলোচনার বাইরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে কমানোর বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন। সম্মেলনটি আয়োজনের প্রস্তাবও দিয়েছেন তিনি। ২০২৭ সালে এ উদ্যোগের পরবর্তী আয়োজন যৌথভাবে করার কথা রয়েছে টুভালু ও আয়ারল্যান্ডের।

জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ অস্ট্রেলিয়ার জলবায়ুবিষয়ক ভূমিকারও সমালোচনা করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশটির পদক্ষেপের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার গুন্ডানজি ও ওয়াকায়া আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত অধিকারধারী রিকি ড্যাঙ্ক দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রতি নতুন ও সম্প্রসারিত জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অনুমোদন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর কথা শোনারও দাবি জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্যও সমালোচনার মুখে পড়েছে। দেশটি বিদ্যুৎ ব্যবহারের প্রসার নিয়ে একটি রূপরেখা তুলে ধরলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার পুরোপুরি বন্ধ করার কোনো সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করেনি।

কার্বন বাজার ও ন্যায়সংগত রূপান্তর নিয়ে প্রশ্ন

প্যারিস চুক্তির ৬.২ অনুচ্ছেদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতার ব্যয় নির্ধারণ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।

এওসিস ও পাকিস্তান আন্তর্জাতিক রেজিস্ট্রি ব্যবহারের জন্য ফি নেওয়ার বিরোধিতা করেছে। অন্যদিকে চীন ও লাতিন আমেরিকার দেশগুলো সতর্ক করেছে, এ ধরনের ফি উন্নয়নশীল দেশগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে।

ন্যায়সংগত রূপান্তর নিয়ে আলোচনায় শ্রমিকদের অধিকার, আদিবাসী জনগোষ্ঠী এবং সিদ্ধান্ত গ্রহণে সবার অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এলডিসি গ্রুপ ন্যায়সংগত রূপান্তরবিষয়ক কর্মসূচি এবং প্রস্তাবিত ব্যবস্থার আওতায় রাজনৈতিক দিকনির্দেশনা ও বাস্তবায়নের কার্যক্রম আলাদা রাখার প্রস্তাব দিয়েছে।

আদিবাসী প্রতিনিধিরা তাদের জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তরুণ ও কৃষকগোষ্ঠীও জলবায়ুবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

নারী ও লিঙ্গসমতা বিষয়ক আলোচনায় লিঙ্গ ও বয়সভিত্তিক তথ্য সংগ্রহ, জলবায়ুবিষয়ক নীতিনির্ধারণে নারীদের অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা উঠে এসেছে।

জলবায়ুবিজ্ঞানের তথ্য ও ১.৫ ডিগ্রি সীমা নিয়ে উদ্বেগ

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) সপ্তম মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের সময়সূচি নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে।

যুক্তরাজ্য, নরওয়ে, ফিনল্যান্ড এবং কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ২০২৮ সালে কপ৩৩ সম্মেলনে দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনার (গ্লোবাল স্টকটেক) আগে প্রতিবেদনটি সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে।

অন্যদিকে ভারত, সৌদি আরব ও কেনিয়া মনে করছে, প্রতিবেদনটি ওই সময়ের পরেও প্রকাশ করা যেতে পারে। এই প্রতিবেদন প্রকাশের সময় গুরুত্বপূর্ণ। কারণ, প্যারিস চুক্তির আওতায় বৈশ্বিক অগ্রগতি মূল্যায়নের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করে আইপিসিসি।

এদিকে ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের পূর্বাভাস বলছে, বর্তমান নীতিমালা অব্যাহত থাকলে ২১০০ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দেশগুলো দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়ন করলে তা কমে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

প্রতিশ্রুতি বাস্তবায়নের পরীক্ষায় কপ৩১

বিশ্বনেতাদের সম্মেলন শেষ হওয়ার পর এখন মন্ত্রী ও আলোচকদের ওপর রাজনৈতিক ঘোষণা বাস্তব সিদ্ধান্তে রূপ দেওয়ার চাপ বাড়ছে। জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়াই এখন তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ।

বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর কাছে কপ৩১-এর সাফল্য নির্ভর করবে প্রতিশ্রুত অর্থায়ন কতটা সহজে পাওয়া যাচ্ছে, জলবায়ু সহনশীলতা কতটা বাড়ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার ওপর।

/ইউএস/
সম্পর্কিত
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের
এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব
সর্বশেষ খবর
সরকার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে: অ্যাটর্নি জেনারেল
সরকার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে: অ্যাটর্নি জেনারেল
শেষ বলে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বলে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
ঘরে আগুনের ঘটনার মধ্যে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
ঘরে আগুনের ঘটনার মধ্যে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা