ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের নাম উল্লেখ করে ইতালি নাগরিক সিজার তাভেল্লা (৫১) হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা ট্রিবিউনকে নাজমুল আলম জানান, প্রথমে ছয়জনের নামে অভিযোগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিলো। কারণ সোহেল আহমেদ ওরফে ভাঙারি সোহেলের পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাওয়া যাচ্ছিলো না। পরে তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাওয়ায় অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন। এদের মধ্যে সোহেল ছাড়া অন্য সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
আরও পড়তে পারেন: মিতু হত্যায় আরও দুয়েকজন জড়িত, ধরা পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী
তবে, পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতের (সিএমএম) যেখানে অভিযোগপত্র জমা দেওয়া হয় সেই ডেসপাচ শাখা ও সাধারণ নিবন্ধন (জিআরও) শাখার কেউ অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
সিজার তাভেল্লা হত্যা মামলার অভিযোগপত্র পাওয়ার বিষয়ে সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক (এসআই) ফরিদউদ্দীন জানিয়েছেন, তিনি এ সংক্রান্ত কোনও অভিযোগপত্র হাতে পাননি।
অন্যদিকে, ডেসপাচ শাখার মনিরুল ইসলাম বলেন, প্রতিদিন অভিযোগপত্রের অনেক প্যাকেট এখানে এসে জমা হয়। কোনটার মধ্যে কী আছে আমরা এখনও জানি না। আগামীকাল অফিস সময়ে বিস্তারিত জানা যাবে।
আরও পড়তে পারেন: সত্য প্রকাশই পারে গুজবের ডালপালা ছাঁটতে
উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে রাজধানীর গুলশান-২ নম্বরের ৯০ নম্বর রোডের গভর্নর হাউজের দক্ষিণের দেওয়াল ঘেষা ফুটপাতে ইতালির নাগরিক তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ইসলামিক স্টেট (আইএস) এই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিলেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুনিদের শনাক্ত করে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
/জেইউ/এমও/এমএসএম/








