ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাঙরি এলাকায় বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার সময় র্যাব-১৪ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো শোলাকিয়ায় পুলিশ হত্যা মামলার আসামি শফিউল ওরফে ডন ও আরেকজন হচ্ছে আবু মুকাতিল। বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। এ ঘটনায় র্যাবের তিন সদস্যও আহত হয়েছেন।
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় শফিউল ও আবু মুকাতিল ঘটনাস্থলেই নিহত হয়। রাত ১২টার সময় তাদের মরদেহ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলের আশেপাশে র্যাবের অভিযান চলছে।
র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফুল ইসলাম জানান, ঈদের দিন পুলিশের গুলিতে আহত জঙ্গি শফিউলকে ময়মনসিংহে চিকিৎসা শেষে কিশোরগঞ্জ ফিরিয়ে আনার সময় আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা র্যাবের গাড়িবহরে হামলা চালায়। কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের ঘোষপালা ডাংরি এলাকায় ঘটনাস্থলে পৌঁছামাত্র হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে জঙ্গি শফিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব পাল্টা গুলিবর্ষণ করলে অজ্ঞাতনামা এক হামলাকারী গুরুতর আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। অন্যদিকে হামলার সময় র্যাবের মাইক্রোবাসে থাকা জঙ্গি শফিউল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত শফিউল ও অজ্ঞাত হামলাকারীকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দু’জনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, নিহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাদের শরীরে গুলির চিহ্ন ছিল। হামলাকারীদের গুলিতে আহত তিন র্যাব সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে ঘটনার পরপরই র্যাব তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে তিনটি গুলি ভর্তি পিস্তল, চারটি চাপাতি, তিনটি ককটেল, কাটার ও হাতুড়িসহ হামলাকারীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করে।
নিহত জঙ্গি শরীফুল ইসলাম ওরফে শফীউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের আ. হাইয়ের ছেলে।
উল্লেখ্য, ঈদের দিন সকাল ৯টায় শোলাকিয়া মাঠ সংলগ্ন আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে একটি চেক পোস্টে সংশ্লিষ্ট জঙ্গিদের বোমা হামলায় ২ পুলিশসহ এক নারী নিহত এবং ৮ পুলিশসহ তিন পথচারী গুরুতর আহত হন।
এ ঘটনায় আবির নামে এক জঙ্গি ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়।
এআরআর/এআর/টিএন/
আরও পড়ুন: গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের সেই হামলার প্রথম দিকের ভিডিও








