তিন শর্তে আইজিপির অনুমতি নিয়ে দেশের যেকোনও প্রান্তে অভিযান চালাতে পারবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত ২৫ আগস্ট আইজিপি এ কে এম শহীদুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ক্ষমতা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড প্লানিং বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম শহীদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটকে সারাদেশে অভিযান চালানোর ক্ষমতা দিয়ে কয়েকদিন আগে একটি আদেশ জারি করা হয়েছে। তিনি বলেন, কয়েকটি শর্তে আইজিপির অনুমতি নিয়ে ডিএমপির বাইরে জঙ্গি ও উগ্রপন্থীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও তল্লাশি অভিযান চালাতে পারবে কাউন্টার টেররিজম ইউনিট। এছাড়াও আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, জিম্মি উদ্ধারসহ বিশেষ অভিযান চালাতে পারবে তারা। তবে ঢাকার বাইরে অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) বা মেট্রোপলিটন কমিশনারকে অভিযানের বিষয়টি অবহিত করতে হবে। অভিযান চালানোর সময় দেশের প্রচলিত আইন ও বিধিবিধানগুলোও অনুসরণ করতে হবে।
ডিআইজি আরও জানান, ঢাকার বাইরের অভিযানের সার্বিক বিষয়গুলো পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) সমন্বয় করবেন এবং আইজিপিকে অবহিত করবেন।
গুলশান ও শোলাকিয়া হামলার পর রাজধানীর কল্যাণপুর, মিরপুরের রূপনগর, আজিমপুর ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযানে কাউন্টার টেররিজম ইউনিটের সফল অভিযানে নব্য জেএমবি’র শীর্ষ নেতা তামিম আহমেদ চৌধুরী ও তার শীর্ষ বেশ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন। ধরা পড়েছে আরও অনেকে। গত ফেব্রুয়ারি মাসে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বিশেষায়িত এই টিম গঠন করা হয়। যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
আরও পড়ুন: ‘বাবা মারা গেলেন গাড়ি চাপায়, চাচা মারা গেলেন শোকে’
/জেইউ/এমএনএইচ/








