‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত র্যালিতে অংশ নিতে এসে হারিয়ে ফেলা সাইকেলটিই ফিরে পেতে চাচ্ছেন সুমন শামস। এজন্য থানাতে জিডিও করেছেন তিনি। তার সাইকেলটিতে চড়েই র্যালির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাইকেলটি আর ফিরে পাননি শামস।
এ ব্যাপারে সাইকেলের মালিক সুমন শামস শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে জানান, ‘আয়োজক কমিটি আমাকে জানিয়েছে, তারা সাইকেলটি খুঁজে পেতে অনেক পরিশ্রম করেছে, অনেক খুঁজেছে, যতভাবে সম্ভব চেষ্টা করেছে। এমনকি অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে তাদের লাইভ চলছিল, সেই ফুটেজও তারা বারবার চেক করে দেখেছে। কিন্তু কোনও সমাধান করতে পারেনি তারা। তাই তারা বোধহয় আমাকে একটা সাইকেল কিনে দিচ্ছে। কিন্তু আমি তাদের বলেছি, একটা সাইকেল কিনে দেওয়া কোনও সমাধান হতে পারে না। আমি আমার হারিয়ে যাওয়া সাইকেলটি-ই ফেরত চাই।’
এ ব্যাপারে সুমন শামস আরও বলেন, ‘বিষয়টি আমার জন্য খুব বিব্রতকর। এর একটি সমাধান হওয়া প্রয়োজন। সাইকেল হারানোর বিষয়টি মন্ত্রী সাহেবের জানার কথাও না। পুরো বিষয়টি একটি অব্যবস্থাপনার ফলাফল। এই যে একটি পরিবেশ তৈরি হলো, এখানে যেন কোনও ভুল বোঝাবুঝি তৈরি না হয়।আমি তো নদী নিয়ে কাজ করি, একা একা বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই এসব কারণে কেউ শত্রুতা করে কোনও ক্ষতি করবে সে রকম ভয়ও কাজ করছে মাঝে মাঝে।’
সাইকেল নিয়ে নতুন কোনও সমস্যা যেন তৈরি না হয় সে আশাবাদ ব্যক্ত করে শামস বলেন, ‘সুন্দর একটি সমাধান হয়ে গেলেই আমি খুশি। আয়োজক কমিটি আমাকে আশ্বস্ত করেছে, আমিও মনে করছি তারা পারবে।’
এ ব্যাপারে হারানো সাইকেলের মালিক সুমন শামস বলেন, ‘কেউ ব্রিবতকর পরিবেশ সৃষ্টি করার জন্য বিষয়টি তৈরি করলো কিনা তা জানার জন্যেও সাইকেলটি খুঁজে পাওয়া দরকার। আর এজন্য পরবর্তী অনুষ্ঠানগুলোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
তবে নিজের সাইকেলটি ফেরত পেতে চান জানিয়ে তিনি আরও বলেন,‘আয়োজক কমিটি থেকে বলা হয়েছে, ঠিক ওই রকম একটি সাইকেলের ব্যবস্থা করবেন তারা, এখন দেখা যাক। তবে আমি আমার সাইকেলটি-ই ফিরে পেতে চাই।’
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিতে সাইকেল নিয়ে এসেছিলেন সুমন শামস। যদিও র্যালিতে তার অংশ নেওয়া হয়নি। কারণ, তার সাইকেলটিতে চড়েই র্যালির উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাইকেলটি আর ফিরে পাননি সুমন শামস।
এরপর ২৮ সেপ্টেম্বর হারানো সাইকেল ফেরত পাবার আশায় শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন শামস। জিডি নং-২০২০।
সাইকেলের জন্য থানায় জিডি করার কারণ জানতে চাইলে শামস এ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইকেল হারানোয় আমার মন খারাপ হয়েছে, তবে জিডি করার চিন্তা ছিল না। কিন্তু বাংলা ট্রিবিউনে প্রকাশিত নিউজে পড়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পরামর্শ মেনেই জিডি করেছি এবং আমি হারানো সাইকেলটিই ফেরত চাই। বিকল্প কোনও কিছুই আসলে এখানে বিষয় নয়।’
এ সংক্রান্ত সংবাদ:
মন্ত্রীর নেওয়া সাইকেল ফেরত পেলেন না শামস!
হারানো সাইকেলটি ফেরত পেতে থানায় জিডি করলেন শামস







