চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাত অভিযোগের মামলায় দণ্ডিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেওয়ায় জামিন বহাল থাকলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বৃহষ্পতিবার (২৬ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। রাগীব আলী ও তার ছেলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার ফজলে নূর তাপস।
প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি আত্মসাত অভিযোগের মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত গত ২ ফেব্রুয়ারি এক রায়ে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ড বিধির ৪৬৬ ধারায় ছয় বছর, ৪৬৮ ধারায় ছয় বছর, ৪৭১ ধারায় এক বছর এবং ৪২০ ধারায় এক বছর, অর্থাৎ তাদের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সব সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করায় কার্যত তাদের ছয় বছর কারাদণ্ড হয়েছে। রায়ের দিন থেকে রাগীব আলী ও তার ছেলে কারাবন্দি রয়েছেন।
এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন পিতা-পুত্র। পরবর্তীতে ওই আদালতে জামিন আবেদন করেন তারা। গত ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তারা। পরে হাইকোর্ট তাদের জামিন দেন।








