বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবি রবিবারের মধ্যে মেনে নেওয়া না হলে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম’। সংগঠনের পক্ষ থেকে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
লিয়াজোঁ ফোরামের প্রেস সচিব এনামুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি দুপুরে ফোরামের পক্ষ থেকে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রী কেরামত আলীর সঙ্গে চতুর্থবারের মতো আলোচনায় বসেন। প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি তাদের (ফোরামের) দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং ফলাফল শিক্ষকদের জানাবেন। কিন্তু এপর্যন্ত কেউই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই আগামী ২৮ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট পালন করা হবে।
বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক নেতারা। দাবি আদায় না হওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেছেন তারা। এরই মধ্যে দুই দফা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছেন ফোরামের নেতারা। রবিবারের (২৮ জানুয়ারি) মধ্যে সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা না আসলে পরদিন সোমবার থেকে লাগাতার ধর্মঘট পালন করবেন শিক্ষকরা। এর পাশাপাশি আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। আমরণ অনশনের কারণে এপর্যন্ত ১৪৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে পাঁচ জন শিক্ষক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে।








