‘আমার একটা অভিজ্ঞতা আছে, অনেক আগে একজন মুক্তিযোদ্ধার সন্তান বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন। ফলে মুক্তিযোদ্ধার সন্তানকে অমেধাবী ভাবার কারণ নেই। ফলে আমি মনে করি কোটায় সংস্কার প্রয়োজন।’ বৃহস্পতিবার (১ মার্চ) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘চাকরি নিয়োগে কোটা বনাম মেধা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে সাবেক যুগ্ম সচিব ড. এম এ মোমেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যখন একটি দেশে বসবাস করি তখন দেশের সবচেয়ে বড় গ্রন্থপঞ্জি হলো সংবিধান। সেটা আমাদের মানতেই হবে। ওই সংবিধানে বৈষম্য রাখা হয়নি। আর এই সংবিধান বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ সংবিধান। ফলে সংবিধান মানতেই হবে।’
সরকার কেন চাকরি দেবে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমাদের প্রথমত চিন্তা করতে হবে চাকরির জন্য সরকারের মুখাপেক্ষী কেন হতে হবে? নেলসন মেন্ডেলার কথা একটু বলি। তিনি তো মুক্তিযোদ্ধা। তার কাছে মুক্তিযোদ্ধারা যখন কোটা চাইলো। তখন তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেছেন, মুক্তিযোদ্ধার কাজ দেওয়া, নেওয়া নয়। তোমরা ঠিক করো তোমরা দেশকে কি দেবে?’
আরও পড়ুন: ‘আমরা মুক্তিযোদ্ধারা কোটায় বাড়তি সুবিধা নেওয়ার কথা কল্পনাও করিনি’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন- মুক্তিযোদ্ধা, সাংবাদিক হারুন হাবীব, কলামিস্ট শরীফুল হাসান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এবং বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর দুলাল আহমদ চৌধুরী।
ছবি: সাজ্জাদ হোসেন








