রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার খালে পড়ে জিসান (৫) নামের একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান পাননি ডুবুরিরা।
শুক্রবার (৯ মার্চ) বিকালে নবোদয় বাজার সংলগ্ন একটি কালভার্টের ওপরে খেলার সময় ওই শিশুটি খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা সন্ধ্যা ৬ টার দিকে খবর পেয়েছি— নবোদয় হাউজিং এলাকার খালে একটি শিশু পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে। এরপর আমাদের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ শুরু করে। তবে এখনও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ জিসানের বাবার নাম হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।







