ঢাকার কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ ঢালে টোল বাড়ানোকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৯ জন। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় সোহেল (৩০) নামে একজন নিহত হয়েছেন বলে এলাকাবাসী ও শ্রমিকরা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন পেটে গুলিবিদ্ধ আলামিন (২০), বাম হাতে গুলিবিদ্ধ সিদ্দিক (৪০), মাথায় গুলিবিদ্ধ সবুজ (৩০), মাথায় গুলিবিদ্ধ লিটন (৩৯), পিঠে গুলিবিদ্ধ বিল্লাল (২৩), মানিক (৪০)। এর আগে ট্রাকচালক আকাশ (২৫), হেলপার মাসুদ (৩২) হেলপার ও বাকপ্রতিবন্ধী অজ্ঞাত এক পুরুষকে (২৫) আগেই ঢামেকে আনা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে আহত দুজনই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, 'পোস্তখোলার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।'








