জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রবিবার (৩ ফেব্রুয়ারি) দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখতে নেতাদের আন্তরিকতা ও সদিচ্ছার ঘাটতি পরিলক্ষিত হওয়ায় তাদের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।’
একই সঙ্গে অধিকতর তদন্তের স্বার্থে কেন্দ্রীয় নেতা সোহান খান, আরেফিন সিদ্দিক সুজন, আল নাহিয়ান জয়, ইয়াদ আল রিয়াদকে নিয়ে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
প্রসঙ্গত, পূর্ব বিরোধ ও নতুন করে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রলীগ কর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হন।








