আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতাকে কেন্দ্র করে হাসপাতালে ভিড় না করতে আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, ‘অতিরিক্ত ভিড় যেমন রোগীর স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে তেমনি তা চিকিৎসায়ও ব্যাঘাত ঘটাচ্ছে।’ রবিবার (৩ মার্চ) বিএসএমএমই’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে ভিসি বলেন, ‘কেউ যেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে ভিড় না করেন। এই মুহূর্তে তার (ওবায়দুল কাদের) অবস্থা সংকটাপন্ন। দর্শনার্থীরা তাকে দেখতে যেতে পারবেন না। মানুষের বেশি ভিড় তার ইনফেকশন ঘটাতে পারে। তাছাড়া লোক সমাগমের কারণে যথাযথভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা মুক্তভাবে চলাফেরা করতে পারছেন না। সরঞ্জামাদি স্থানান্তরে অসুবিধা হচ্ছে আর কোলাহলে পরিবেশ নষ্ট হচ্ছে।’
ভিসি বলেন, ‘ওবায়দুল কাদের যে ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন সে ওয়ার্ডে হৃদরোগীরা চিকিৎসাধীন। অতিরিক্ত ভিড় তাদের চিকিৎসার জন্যও অন্তরায় সৃষ্টি করছে। আওয়ামী লীগ নেতাসহ যারা তাকে দেখতে আসবেন তাদের জন্য হাসপাতালে একটি খাতা খোলা হয়েছে সেখানে তারা নাম ও ঠিকানা লিখে যেতে পারবেন।’
প্রসঙ্গত, রবিবার (৩ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত অবস্থায় তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলছেন, তিনি এখনও শঙ্কামুক্ত নন।
আরও পড়ুন: ‘ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে, তবে শঙ্কামুক্ত নন’
‘ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে’








