সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখে যাওয়ার পর দলের এই দুই নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। ওবায়দুল কাদেরকে দেখার সময় তারা দুজনই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওবায়দুল কাদেরের রক্তের চাপ উন্নতির দিকে। তিনি চোখের পাতা নাড়িয়েছেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে। তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসকরা।’
রবিবার (৩ মার্চ) ভোরে অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে এনজিও গ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়।
রবিবার বিকাল তিনটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসএমএমইউ’তে যান। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন এবং ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
বিএসএমএমইউ’র সহকারী পরিচালক ডা. নাজমুল আহসান বলেন, ‘ওবায়দুল কাদেরের কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল। তার হার্টে একটা রিং পরানো হয়েছে। এখন তিনি অবজারভেশনে আছেন।’
হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রবিবার (৩ মার্চ) সকালে ফজরের নামাজ পড়ার পর হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
আরও পড়ুন:
কাদেরকে দেখতে বিএসএমএমইউ-তে প্রধানমন্ত্রী








