রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিবেদক ও আইনজীবী তুহিন হাওলাদারকে বেধড়ক মারধর করেছে পুলিশ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর রাজধানীর টিকাটুলির কেএম দাস রোডে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত পুলিশ সদস্য এসআই মাহবুবুর রহমানকে ক্লোজড করা হয়েছে।
আহত সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদার জানান, দুপুরে তিনি গ্রিন লাইফ হাসপাতালে অসুস্থ চাচাকে দেখে কেএম দাস রোডের বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছানোর পর ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য তার বাইক থামাতে বলেন। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছে বলেই মারধর শুরু করে।
তুহিন জানান, এ ঘটনায় তিনি এসআই মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসি ওয়ারী বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশের ওয়ারী জোনের এসি মো. হান্নানুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবহিত হয়েছি। এটি একটি দুঃখজনক ঘটনা। এসআই মাহবুবকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।







