ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী আগামি ১৯ মার্চ থেকে বাংলাদেশে সব ধরণের তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে আগামিকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩ দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে রোডশো আয়োজন করেছে তামাকবিরোধী ১২টি সংগঠন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহসানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন ও প্রজ্ঞা।
রোডশোর অংশ হিসেবে তিন দিনব্যাপী সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর নমুনা সম্বলিত ৫টি ট্রাক মিউজিক্যাল কনসার্টসহ ঢাকার বিভিন্ন স্থান- উত্তরা, গুলশান, মিরপুর, আগারগাঁও, ধানমন্ডি, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাকরাইল, আজিমপুর, বঙ্গবাজার মার্কেট ও গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করবে। এসময়ে সচিত্র সতর্কবাণী সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে। রোডশোর শেষ দিন বুধবার ১৬ মার্চ দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।
উল্লেখ্য, তামাকের ব্যবহার নিরুৎসাহিতকরণে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর গুরুত্ব সারাবিশ্বে স্বীকৃত। ‘তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩’ ও এর বিধিমালা, ২০১৫ অনুযায়ী আগামি ১৯ মার্চের মধ্যে সব ধরণের তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন বা কৌটার দুপাশে, উপরিভাগে ৫০ শতাংশ জায়গা জুড়ে রঙ্গিন ছবি ও লেখা সম্বলিত স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করা বাধ্যতামূলক রয়েছে।
আইন অনুযায়ী বাংলাদেশে তামাকের প্রচার প্রচারণা নিষিদ্ধ থাকায় তামাক কোম্পানিগুলো তামাকপণ্যের মোড়ককে বিজ্ঞাপনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া হলে কোম্পানিগুলোর উদ্দেশ্য অকার্যকর হয়ে পড়বে। এ কারণেই সরকারের বেঁধে দেওয়া সময়ের একেবারে শেষ প্রান্তে এসেও তামাক কোম্পানিগুলো গড়িমসি করছে।
জেএ/এপিএইচ/








