খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে শনিবার। বাছাইয়ের সময় কাউন্সিলর পদে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হয়রত আলী।
মনোনয়নপত্র বাতিল হওয়া দুই কাউন্সিলর প্রার্থী হলেন সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী শারমিন সুলতানা ও সাধারণ কাউন্সিলর পদে ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মো.শিহাব উদ্দিন ফিরোজ। এখন ২ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত প্রার্থী হিসেবে একাই রয়েছেন আওয়ামী লীগের কবিতা দাশ।
পাইকগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা হয়রত আলী জানান,মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া তথ্যে শারমিন সুলতানা শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করেছেন। দেওয়া তথ্য মতে তার বয়সও যোগ্যতার চেয়ে কম রয়েছে। আর শিহাবের দেওয়া তথ্যের সঙ্গে আয়কর রিটার্ন জমা দেওয়া হয়নি। ফলে এ দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সাধারণ কাউন্সিলর পদে ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা মো.শিহাব উদ্দিন ফিরোজের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এখানে আরও তিন জন প্রার্থী থাকছেন। এরা হচ্ছেন বিএনপির এস এম সেলিম রেজা গাজী ও কামাল আহমেদ সেলিম নেওয়াজ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন জিএম আব্দুল আজিজ।
/এসএম/এফএস/








