আসন্ন পৌরসভা নির্বাচনে নারীদের প্রতীক বরাদ্দের বিষয়টি অসাবধানতাবশত হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো.সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনি প্রতীকগুলো নারীদের জন্য ‘অপমানকর’ বলে সমালোচনা উঠেছে। বিষয়টি আগেই দৃষ্টিগোচর হয়েছিল। কিন্তু অনেকটা তারাহুড়া করে পৌরসভা নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ায় অসাবধানতাবশত এ ঘটনা হয়েছে। আমরা এ ভুল স্বীকার করে নিচ্ছি। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার আমাকে লিখিত নির্দেশনা দিয়েছেন এ বিষয়টি সমাধানের জন্য।’
বিষয়টি নিয়ে নারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসা উচিত কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমার মনে হয় না অসচেতনভাবে করলে আলোচনায় প্রয়োজন আছে। তবে কমিশন যদি মনে করে তবে রাজনৈতিক দল ও নারীদের সঙ্গে আলোচনা করবে।’
এরআগে বিএনপি মহিলা দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের সঙ্গে দেখা করে। এ সময় সংরক্ষিত মহিলা পদের নির্ধারিত প্রতীকগুলোকে নারী সমাজের জন্য অবমাননাকর– উল্লেখ করে এটি বাতিল করে নতুন প্রতীক দাবি করেন।
এ প্রতীক বাতিল করে নতুন প্রতীক বরাদ্দ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘প্রতীক নির্বাচন বিধির অংশ। ব্যালট ছাপানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কাজেই এখন নতুন করে প্রতীক বরাদ্দ দেওয়া জটিল একটি বিষয়।’
এ সময় তিনি এ ধরনের প্রতীক বরাদ্দের বিষয়ে ভবিষ্যতে আরও সর্তক থাকা হবে বলেও যোগ করেন ইসি সচিব।
/ইএইচএস/এআই/এফএস/







