প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স চলে যায় ঋণের ফাঁদে

সাদ্দিফ অভি
২৪ নভেম্বর ২০২৬, ২০:০০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০:০০

বিদেশ থেকে রেমিট্যান্স আসার গল্পটা সাধারণত বিমানবন্দর থেকে শুরু হয় বলে ধারণা করা হয়, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। বাংলাদেশি শ্রমিকের রেমিট্যান্স পাঠানোর সক্ষমতা বিমানে ওঠার অনেক আগেই— গ্রামের উঠানে, দালালের হাতে টাকা তুলে দেওয়ার মুহূর্তেই ক্ষয়ে যেতে শুরু করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতগামী শ্রমিকদের ক্ষেত্রে এই চিত্র সবচেয়ে প্রকট।

সরকার নির্ধারিত ব্যয় অনুযায়ী সৌদি আরবে যেতে একজন পুরুষ শ্রমিকের খরচ হওয়ার কথা ১ লাখ ৬৫ হাজার টাকা, আর সংযুক্ত আরব আমিরাতে ১ লাখ ৭ হাজার ৭৮০ টাকা। অথচ মাঠপর্যায়ের চিত্র বলছে, এই দুই দেশে যেতে শ্রমিকদের গুনতে হচ্ছে ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আন্তর্জাতিক শ্রম সংস্থার জরিপে সৌদি আরবে যাওয়ার গড় খরচ পাওয়া গেছে ৪ লাখ ৩৬ হাজার ৩৬৬ টাকা, যা সরকারি হিসাবের চেয়ে আড়াই লাখ টাকারও বেশি।

ভিসা বাণিজ্যে চলে যায় রেমিট্যান্সের অর্থ

প্রবাসী কর্মীদের বিদেশ যেতে বাড়তি খরচের বড় অংশই যাচ্ছে ভিসা বাণিজ্য ও মধ্যস্বত্বভোগীদের পকেটে। গ্রামের দালাল থেকে শুরু করে ঢাকার এজেন্সি, বিদেশের সাপ্লাই কোম্পানি পর্যন্ত প্রতিটি স্তরে কমিশন যোগ হয়ে ভিসার দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। বিশেষ করে তথাকথিত ‘ফ্রি ভিসা’র ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। সরকারি গড় ব্যয় ১ লাখ ১৬ হাজার ২২৪ টাকা হলেও ফ্রি ভিসার পেছনে গড়ে খরচ হচ্ছে ৫-৭ লাখ টাকা। অথচ তথাকথিত এই ভিসায় গিয়ে কাজের কোনো নিশ্চয়তা থাকে না।

এই বিশাল অঙ্কের টাকা শ্রমিকের নিজের থাকে না। প্রায় ৭৬ শতাংশ শ্রমিক ধার করে বিদেশ যান। ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) িএক গবেষণায় দেখা গেছে, ৭২ শতাংশ শ্রমিক ঋণ নিয়েছেন, ১১ শতাংশ জমি বন্ধক রেখেছেন এবং ৬ শতাংশ সম্পত্তি বিক্রি করেছেন। মাসে ৫ থেকে ১০ শতাংশ হারে সুদে টাকা নেওয়ার ঘটনা এখনো চলমান। ফলে ৫ লাখ টাকা ঋণ নিলে এক বছরে শুধু সুদই দাঁড়ায় দেড় থেকে দুই লাখ টাকা।

এর সরাসরি প্রভাব পড়ে রেমিট্যান্সে। একজন শ্রমিক সৌদিতে ১২০০ থেকে ১৪০০ রিয়াল বেতন পেলেও থাকা-খাওয়া, ইকামা, মোবাইলসহ ন্যূনতম খরচ বাদ দিয়ে হাতে যা থাকে, তার প্রায় পুরোটাই চলে যায় ঋণের কিস্তি আর সুদ শোধে। বাড়িতে টাকা পাঠানোর মতো অর্থ আর অবশিষ্ট থাকে না।

ইউএনসিডিএফের পরিসংখ্যান বলছে, শুধু বিদেশ যাওয়ার খরচ তুলতেই একজন বাংলাদেশি শ্রমিকের গড়ে ১০ থেকে ১৭ মাস লেগে যায়। কোনো কোনো হিসেবে পুরুষ শ্রমিকের ক্ষেত্রে এই সময় ১৭ মাস পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ দেড় বছর ধরে তিনি বাংলাদেশের জন্য নয়, ঋণদাতার জন্য কাজ করেন। এই সময়ে দেশে তার পরিবারও ঋণের চাপে আরও বিপর্যস্ত হয়ে পড়ে।

প্রত্যাশিত রেমিট্যান্স কেন আসে না

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে একক মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২৬ সালের মার্চে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ওই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৩.৭৫ বিলিয়ন ডলার— স্বাধীনতার পর একক মাসে এটাই প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ।

সংশ্লিষ্টদের মতে, ঈদুল ফিতরকে সামনে রেখে, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা বেড়ে যাওয়া এবং হুন্ডি থেকে বৈধ পথে টাকা আসার কারণে মাসগুলোতে সাধারণত রেমিট্যান্স বৃদ্ধি পায়।

সরকার বলছে, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসীরা আস্থা ফিরে পেয়েছেন, হুন্ডি কমেছে।’ কিন্তু আস্থার গল্পের ভেতরে থেকে যাচ্ছে প্রশ্ন।

৩০ বিলিয়ন আসে না

ইউএনসিডিএফ ২০২২ সালে বলেছে, মহামারির আগেও প্রবাসী আয়ের ৪০ শতাংশ ছিল অনানুষ্ঠানিক। অর্থাৎ যে ৩০ বিলিয়নকে অর্জন বলা হচ্ছে, তার প্রায় সমান ‘১৫ থেকে ২০ বিলিয়ন’ ব্যাংকিং সিস্টেমেই ঢোকে না।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসীরা কেউই ইচ্ছে করে হুন্ডিতে টাকা পাঠায় না, তারা দায়ে পড়ে বাধ্য হয়ে হুন্ডির পথ ধরে। দেখা যাচ্ছে, দুবাইয়ের একজন শ্রমিক সেখানকার এজেন্টকে ১ হাজার ডলার দিলেন। এজেন্ট ঢাকায় হোয়াটসঅ্যাপে লিখলেন, ‘রহিমের মাকে একলাখ ২৫ হাজার টাকা বিকাশে দাও।’ অর্থাৎ ডলার কিন্তু দুবাইতেই থেকে গেলো, পরে সেই ডলার দিয়ে অন্য কেউ ঢাকা থেকে টাকা পাচার করলো।

সৌদি প্রবাসী মিজান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘হুন্ডিতে টাকা পাঠানো নিরাপদ না জানি। তারপরও পাঠাতে বাধ্য হই। কারণ হাতের নাগালে সবকিছু।’’

আবার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা কিংবা ইকামা ছাড়া আয় করা প্রবাসীদের অর্থও ব্যাংকিং চ্যানেলে আসে না। কারণ কাজের প্রমাণপত্র ছাড়া বৈধভাবে রেমিট্যান্স দেশে পাঠানো যায় না। 

বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে ফর্মাল ও ইনফর্মাল রেটে ১ শতাংশ ব্যবধানে ৩.৬ শতাংশ রেমিট্যান্স সরিয়ে দেয়। কারণ ব্যাংকিং চ্যানেলের সঙ্গে খোলা বাজারের ডলারের রেটের পার্থক্য প্রায় ৫ টাকা। আর হুন্ডিতে তা আরও বেশি। 

মালদ্বীপের ১ লাখের বেশি বাংলাদেশি কর্মীর ক্ষেত্রে রেমিট্যান্স পাঠানোর জটিলতা বেশি। সেখানে সরাসরি রুফিয়া থেকে টাকায় পাঠানোর বৈধ ব্যবস্থা নেই। ফলে তাদের প্রথমে কালোবাজারে ডলার কিনতে হয়, তারপর হুন্ডিতে পাঠাতে হয়। এতে প্রতি মাসে একজন কর্মীর ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান হয় বলে জানান মালদ্বীপ প্রবাসীরা। 

সংকট নিরসনে মালদ্বীপে সরাসরি রুফিয়া ব্যবহার করে রেমিট্যান্স পাঠানো এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় (কারেন্সি সোয়াপ) ব্যবস্থা চালুর জন্য বাংলাদেশ ব্যাংক মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

টাকা ফেরত আসে না, উল্টো বেরিয়ে যায়

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) গবেষণা এই উল্টো স্রোতের চিত্রই সামনে এনেছে। ওকাপের গবেষণা বলছে, ২০২২ সালে উপসাগরীয় দেশগুলোতে যাওয়া প্রায় ৯ লাখ ৩৮ হাজার কর্মীর মাধ্যমে প্রায় ৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে। এর মধ্যে শুধু গন্তব্যে পৌঁছানোর পর ওয়ার্ক পারমিট, নতুন কাজ খোঁজা ও বাধ্যতামূলক থাকা-খাওয়ার খরচ হিসেবে ১৮ হাজার ৩৬০ কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে। এই খরচের এক টাকাও ব্যাংকিং চ্যানেলে বিদেশে যায় না।

একজন কর্মী যখন সৌদি বা কুয়েতে যান, তার সরকার নির্ধারিত ফি ১ লাখ ১৬ হাজার টাকা। কিন্তু ওকাপের হিসাবে তিনি গড়ে দিচ্ছেন ৪ লাখ ৯৯ হাজার থেকে ৭ লাখ ৩৩ হাজার টাকা পর্যন্ত। এই অতিরিক্ত ৪-৬ লাখ টাকা দালাল ও সৌদি-কুয়েতি মধ্যস্বত্বভোগীদের হাতে যায় নগদে, বেশিরভাগ সময় হুন্ডির মাধ্যমে। অর্থাৎ রেমিট্যান্স বৈধ পথে আসার আগেই, অভিবাসনের টাকা অবৈধ পথে বেরিয়ে যাচ্ছে।

ওকাপের গবেষণা জরিপ বলছে, ৭২ শতাংশ কর্মী ঋণ করে বিদেশে গেছেন। গড়ে একজন কর্মীর খরচ তার পরিবারের বার্ষিক আয়ের চেয়ে ৬৭ শতাংশ বেশি। ফলে বিদেশে গিয়ে তিনি যে আয় করেন, তার প্রথম ১-২ বছরের পুরোটাই চলে যায় ঋণ শোধে। ওকাপের মতে, ‘‘উচ্চ সুদের ঋণ পরিশোধ করতে গিয়ে রেমিট্যান্স পাঠানোর সক্ষমতা কমে যায়।’’ টাকা দেশে তো আসছেই না, বরং সুদ হিসেবে থেকে যাচ্ছে বিদেশে বা স্থানীয় মহাজনের কাছে।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মধ্যপ্রাচ্যে তথাকথিত ফ্রি ভিসায় গিয়ে ৪৩ শতাংশ তাৎক্ষণিক কাজ পাননি। ২১ শতাংশকে গড়ে ১ লাখ ৪৮ হাজার টাকা দিয়ে ইকামা (ওয়ার্ক পারমিট) কিনতে হয়েছে, ৪ শতাংশকে ৪৪ হাজার টাকা দিয়ে কাজ জোগাড় করতে হয়েছে। এই টাকার পুরোটাই দেশে থাকা চক্রের পকেটে যায়। অন্যদিকে বৈধ ভিসায় গেলে এই খরচ নিয়োগকর্তার বহন করার কথা।

ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম এটিকে তিনভাবে ব্যাখ্যা করেছেন— জাতীয় বিনিয়োগ হারানো, রেমিট্যান্স সক্ষমতা কমে যাওয়া এবং সরাসরি মূলধন পাচার।

ওকাপের মতে, একজন কর্মী ৫ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে মাসে ৩০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালেন, বছরে দাঁড়ায় ৩ লাখ ৬০ হাজার টাকা। কিন্তু তিনি যাওয়ার সময়ই ৫ লাখ টাকা অবৈধ চ্যানেলে বাইরে পাঠিয়ে দিয়েছেন। প্রথম দেড় বছরের পুরো রেমিট্যান্স দিয়েও সেই ক্ষতি পোষায় না। এ কারণেই ওকাপ বলছে, ফ্রি ভিসা শুধু ব্যক্তির ক্ষতি নয়, এটি সামষ্টিক অর্থনীতিতে রেমিট্যান্সের নিট লাভকে খেয়ে ফেলছে।

চাকরি নিশ্চিত করে আয় করতে আরও খরচ

গবেষণার তথ্য বলছে, তথাকথিত ফ্রি ভিসাধারীদের মধ্যে ২১ শতাংশকে ওয়ার্ক পারমিট পেতে গড়ে ১ লাখ ৪৮ হাজার ৮৮০ টাকা দিতে হয়েছে।  ৪ শতাংশ প্রবাসীকে চাকরি খুঁজতে ৪৪ হাজার টাকা খরচ করতে হয়েছে। আরও ৪ শতাংশকে চাকরি না পেয়ে ফিরতি ফ্লাইটের জন্য ৪৮ হাজার ৮৮৯ টাকা দিতে হয়েছে। এছাড়া সবাইকে প্রথম বেতন পাওয়ার আগে থাকা-খাওয়ার পেছনে গড়ে ৩০ হাজার টাকা খরচ করতে হয়েছে। যারা পৌঁছানোর পর নিজের স্ট্যাটাস ঠিক করতে বাড়তি টাকা দিয়েছেন, তাদের গড় নিয়োগ খরচ দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৬৯৫ টাকা। আর স্ট্যাটাস বৈধ করতে গিয়ে মোট খরচ উঠেছে ৭ লাখ ২২ হাজার ৪৫০ টাকায়— যা তাদের বার্ষিক পারিবারিক আয়ের চেয়ে প্রায় ৬৭ শতাংশ বেশি।

শাকিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘‘এ পরিস্থিতির তিনটি বড় প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। প্রথমত, জাতীয় বিনিয়োগের ক্ষতি হচ্ছে। যে বিপুল অর্থ স্থানীয় ব্যবসা, শিক্ষা বা উন্নয়নে কাজে লাগতে পারতো, তা অনিয়ন্ত্রিত চ্যানেলের মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, রেমিট্যান্স প্রবাহ হ্রাস পাচ্ছে। কারণ ভুয়া নিয়োগ ফি’র জন্য নেওয়া সুদের ওপর ঋণ পরিশোধে প্রবাসীরা তাদের উপার্জনের বড় অংশ ব্যয় করছেন। ফলে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কমে যাচ্ছে। তৃতীয়ত, মূলধন পাচার ঘটছে। কারণ প্রায় ৩০ হাজার কোটি টাকার এ প্রতারণামূলক লেনদেন মূলত অবৈধভাবে অর্থ পাচারের সমান— যা দেশের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতাকে দুর্বল করে দিচ্ছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. জালাল উদ্দিন বলেন, ‘‘৪-৫ গুণ বেশি খরচ করে যাওয়া শ্রমিক প্রথম দিন থেকেই হুন্ডির দিকে ঝোঁকেন।’’

একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সমন্বয়ক ড. সেলিম রেজা বলেন, ‘‘উপসাগরীয় অঞ্চলে বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগই স্বল্প দক্ষতার কাজে নিয়োজিত, যেখানে তদারকি দুর্বল। এর ফলে তারা বেশি শোষণের শিকার হন এবং দ্রুত টাকা পাঠাতে হুন্ডির ওপর নির্ভর করেন। এর পরিণতি হলো— ব্যাংকিং চ্যানেলে যে রেটে যে ডলার (টাকা) আসার কথা, তা হুন্ডিতে আরও বেশি রেটে লেনদেন হয়ে দেশের ভেতরেই থেকে যায়। ফলে রিজার্ভ বাড়ে না, সরকার প্রণোদনা দিয়েও পুরো সুফল পায় না।’’

বিশেষজ্ঞদের মতে, হুন্ডি বন্ধ করা গেলে বছরে ২৫ বিলিয়ন ডলারের জায়গায় রেমিট্যান্স ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারতো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের এক গবেষণায় জানা গেছে, বিদেশে কর্মী যাওয়ার হারের সঙ্গে তুলনা করলে রেমিট্যান্স আসার কথা অন্তত ৪০ বিলিয়ন ডলার।

গবেষণা তথ্য মতে, অধিক হারে বিদেশে কর্মী পাঠানো মানেই বেশি রেমিট্যান্স নয়। প্রতি বছর যে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী বিদেশে পাড়ি জমাচ্ছেন, তার তুলনায় রেমিট্যান্স  উল্লেখযোগ্য হারে বাড়েনি। একটি প্রচলিত ধারণা হচ্ছে— অভিবাসীরা যে বছর বিদেশ যান তার পরের বছর রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পায়।

বিএমইটির তথ্যানুযায়ী, ২০২০ সালে প্রায় ২ লাখ ১৭ হাজার নতুন অভিবাসী বিদেশে পাড়ি জমান, আর ২০২১ সালে তারা রেমিট্যান্স পাঠান প্রায় ২২ বিলিয়ন ডলার। কিন্তু ২০২১ সালে নতুন অভিবাসীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় তিনগুণ এবং ২০২২ সালে রেমিট্যান্স কমে দাঁড়িয়েছিল প্রায় ২১ বিলিয়ন ডলারে। সেই হিসাবে এই রেমিট্যান্স অন্তত তিনগুণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল। আবার ২০২২ সালে নতুন অভিবাসীর সংখ্যা ছিল ১১ লাখের ওপর, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১৯ বিলিয়ন ডলার। এতে ধারণা করা যায়, চলতি বছরের শেষে রেমিট্যান্সের পরিমাণ ২১-২২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

গবেষক ড. জালাল উদ্দিন সিকদারের মতে, রেমিট্যান্সে বাংলাদেশের অর্জন বেশ সন্তোষজনক মনে হলেও বিপুল সংখ্যক অভিবাসীর তুলনায় তা যৎসামান্য। বাংলাদেশের বেশিরভাগ অভিবাসীর মূল গন্তব্য সৌদি আরব। ২০২০ সালে প্রায় ১ লাখ ৬২ হাজারের মতো অভিবাসী বাংলাদেশ থেকে সৌদি আরবে যান এবং ২০২১ সালে তারা প্রায় সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান। ধারণা করা হয়, কোভিডের কারণে অভিবাসীরা তাদের পরিবার ও নিকট আত্মীয়দের কাছে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছিলেন। কিন্তু পরের বছর ২০২১ সালে প্রায় ৪ লাখ ৫৭ হাজার নতুন অভিবাসী সৌদি আরবে পাড়ি জমান, যারা ২০২২ সালে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কাজেই দেখা যাচ্ছে, বৈধপথে রেমিট্যান্স যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল, গন্তব্য দেশ অনুসারে সে পরিমাণ বৃদ্ধি পরিলক্ষিত হয়নি।

ড. জালাল উদ্দিন সিকদার বলেন, ‘‘আমরা গবেষণায় রেমিট্যান্স কম আসার ৮টি কারণ খুঁজে পেয়েছি। কাজ না থাকার পাশাপাশি অন্যতম কারণ হচ্ছে— হুন্ডি এবং অভিবাসন ব্যয়ের মধ্যে সংযোগ।’’

তিনি বলেন, ‘‘হুন্ডির প্রতি আকর্ষণ বেড়ে যাওয়ার পেছনে অভিবাসন ব্যয় অনেকাংশে দায়ী। নির্ধারিত ব্যয়ের চেয়ে ৪-৫ গুণ বেশি টাকা খরচ করে বিদেশ যেতে হচ্ছে। এই টাকা চড়া সুদে ঋণ নেওয়া হচ্ছে। আবার অনেকে সম্পদ বিক্রি করে পাড়ি জমান বিদেশে। তাই যেকোনও মূল্যে উপার্জনের একটা চাহিদা তৈরি হয়। যেদিন থেকে কাজ শুরু করেন, সেদিন থেকেই দেশে টাকা পাঠানোর পরিকল্পনা করেন কর্মীরা। আর  হুন্ডিতে বিনিময় মুদ্রা বেশি হওয়ার কারণে তারা সেই মাধ্যমেই টাকা পাঠাতে আগ্রহী হন। আবার হুন্ডি ব্যবসায়ীরা কর্মীদের সেবা দেন হাতে হাতে। অর্থাৎ একজন কর্মীকে হুন্ডিতে দেশে টাকা পাঠাতে খুব বেশি কষ্ট করতে হয় না। কিন্তু বৈধ চ্যানেলে পাঠাতে তাকে কর্মস্থল স্থল থেকে অনেক দূর সফর করে অন্য জায়গায় যেতে হয়।’’

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘প্রয়োজনের তুলনায় কম রেমিট্যান্স আনুষ্ঠানিক চ্যানেলে আসার পেছনে কয়েকটি কারণ রয়েছে। ব্যাংক বা বৈধ সেবার মাধ্যমে টাকা পাঠানোর খরচ, সময় এবং কাগজপত্রের প্রক্রিয়া অনেকের কাছে অসুবিধাজনক মনে হতে পারে। কিছু ক্ষেত্রে বৈধ চ্যানেলের বিনিময় হার অনানুষ্ঠানিক বাজারের তুলনায় কম হওয়ায়— প্রবাসীরা বেশি টাকা পাওয়ার জন্য হুন্ডির পথ বেছে নেন। অনানুষ্ঠানিক চ্যানেলে দ্রুত টাকা পৌঁছানো এবং সহজে লেনদেন করার সুযোগও থাকে। তবে হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার হিসাবে আসে না।’’

তিনি বলেন, ‘‘আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স বাড়াতে বিনিময় হারকে প্রতিযোগিতামূলক রাখা, লেনদেনের খরচ ও সময় কমানো এবং সহজ ডিজিটাল-সেবা বিস্তৃত করা দরকার।’’ 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা সব সময় প্রবাসীদের আহ্বান জানাই যে, বৈধ পথে রেমিট্যান্স পাঠান। বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশ লাভবান হয়। 

প্রবাসী কার্ডধারীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, বর্তমানে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পান। 

/এপিএইচ/
সম্পর্কিত
ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো ইউয়ান
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াত আমির 
অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াত আমির 
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন,  ‘রামায়ণ’র কথা তুলে ধরলেন মোদি
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন,  ‘রামায়ণ’র কথা তুলে ধরলেন মোদি
বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেলো ইউল্যাব
বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেলো ইউল্যাব
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ