আল্লাহ তায়ালা মানুষকে অসংখ্য জাহেরি ও বাতেনি (প্রকাশ্য ও অপ্রকাশ্য) নেয়ামত দান করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে শুরু করো, তবে তা গণনা করে শেষ করতে পারবে না।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৩৪)
মহান আল্লাহর এসব নেয়ামতের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হলো, মা-বাবার নেক হায়াত। একজন মানুষের জন্মের দিন থেকে শুরু করে নিজের পায়ে দাঁড়ানো; অর্থাৎ কর্মজীবনে পদার্পণ পর্যন্ত তার জীবনের সাফল্য ও সবকিছু অর্জনের পেছনে বাবা-মায়ের অবিস্মরণীয় ভূমিকা থাকে।
আল্লাহর কাছে মা-বাবার মর্যাদার উচ্চতা ও গুরুত্ব এতটাই যে, তিনি পবিত্র কোরআনে যেখানে নিজের ইবাদতের নির্দেশ দিয়েছেন, সেখানেই মা-বাবার সঙ্গে সদাচরণের প্রতিও গুরুত্বারোপ করেছেন।
বাবা-মায়ের অধিকার আদায়, তাদের সম্মান প্রদর্শন এবং তাদের সঙ্গে শিষ্টাচার বজায় রাখার বিষয়ে কোরআন আমাদের যে শিক্ষা দেয়, তার সারকথা হলো— মা-বাবার সঙ্গে সদাচরণ করতে হবে; তাদের কোনও কথায় বিরক্তি বা অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না, এমনকি মুখে ‘উফ’ শব্দটিও বলা যাবে না; তাদের ধমক দেওয়া বা ভর্ৎসনা করা থেকে বিরত থাকতে হবে; তাদের সঙ্গে সম্মান ও মর্যাদা রেখে কথা বলতে হবে; সন্তানদের উচিত, মা-বাবার সঙ্গে ভালোবাসাপূর্ণ আচরণ করা এবং তাদের সামনে নিজেদের বিনয় ও নম্রতার সঙ্গে অবনত রাখা; মা-বাবার জন্য নিয়মিত কল্যাণের দোয়া করতে হবে, এভাবে—‘হে আমার প্রতিপালক! তারা শৈশবে যেভাবে আমাকে লালন-পালন করেছেন, আপনিও তাদের প্রতি সেভাবে দয়া করুন।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩-২৪)
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তার নাক ধূলিমলিন হোক’ (অর্থাৎ, সে অপমানিত ও লাঞ্ছিত হোক)। এ কথা তিনি তিনবার বললেন।
জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল (সা.)! সে কে? তিনি বললেন, ‘যে ব্যক্তি তার মা-বাবা উভয়কে অথবা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেলো, অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারলো না।’ (সহিহ মুসলিম: ২৫৫১)
একবার এক সাহাবি (রা.) নবী করিম (সা.) এর কাছে জানতে চাইলেন, হে আল্লাহর রাসুল (সা.)! সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদাচরণ করা।’ (সহিহ বুখারি: ৫৯৭০)
হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম (সা.) এর কাছে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল (সা.)! সন্তানের ওপর মা-বাবার অধিকার কতটুকু? তিনি বললেন, ‘তারা (অর্থাৎ মা-বাবা) তোমার জান্নাতও এবং জাহান্নামও।’ অর্থাৎ, তাদের সেবা-যত্নের মাধ্যমে জান্নাত লাভ করা যায়, আর তাদের অবাধ্যতার কারণে জাহান্নামের উপযুক্ত হতে হয়। (সুনানে ইবনে মাজাহ: ৩৬৬২)
এক ব্যক্তি নবী করিম (সা.) এর কাছে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল (সা.)! আমি কার সঙ্গে সদাচরণ ও উত্তম ব্যবহার করবো? তিনি বললেন, ‘তোমার মায়ের সঙ্গে।’ ওই ব্যক্তি তিনবার একই প্রশ্ন করলে প্রতিবারই তিনি একই উত্তর দিলেন ‘তোমার মায়ের সঙ্গে।’ এরপর চতুর্থবার একই প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘তোমার বাবার সঙ্গে সদাচরণ করবে।’ (সহিহ বুখারি: ৫৯৭১)
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘প্রতিপালকের সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত। আর প্রতিপালকের অসন্তুষ্টি ও ক্রোধ বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত।’ (তিরমিজি: ১৯০০)
অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শিরক ছাড়া অন্যান্য সব গুনাহের মধ্যে আল্লাহ তায়ালা যেটি ইচ্ছা ক্ষমা করে দেন। কিন্তু মা-বাবার অবাধ্যতার গুনাহ ক্ষমা করেন না। বরং বাবা-মায়ের অবাধ্য ব্যক্তিকে মৃত্যুর আগেই তার জীবদ্দশায় দ্রুত শাস্তি দিয়ে থাকেন।’ (মিশকাত ও বায়হাকি)
পৃথিবীর সবচেয়ে নির্বোধ ব্যক্তি সে, যে মা-বাবার সেবা ও তাদের কল্যাণ লাভের সুযোগ থেকে বঞ্চিত থাকে, অথচ নিজের সন্তানের কাছ থেকে সেবার প্রত্যাশা করে।
ইমাম গাজালি (রহ.) বলেন, সন্তানের উচিত, মা-বাবার কথা মনোযোগ দিয়ে শোনা। তারা দাঁড়ালে সম্মান প্রদর্শনার্থে তাদের জন্য দাঁড়িয়ে যাওয়া। তারা কোনও কাজের নির্দেশ দিলে দ্রুত তা পালন করা। তাদের খাবার ও পানীয়ের ব্যবস্থা করা। তারা কোনওকথা বারবার বললেও বিরক্ত না হওয়া। তাদের সঙ্গে ভালো আচরণ করে কোনও অনগ্রহের কথা স্মরণ করিয়ে না দেওয়া। তাদের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে না তাকানো। কোনও বিষয়ে তাদের অবাধ্য না হওয়া; তবে তারা দ্বীনবিরোধী কোনও কাজের নির্দেশ দিলে তা ভিন্ন কথা। (আদাবুদ দ্বীন)
লেখক: গণমাধ্যমকর্মী ও শিক্ষক, জামিয়া মুহিউস সুন্নাহ ঢাকা