জয়পুরহাটে ১৩ মামলার আসামি রনজু সরকারকে (৩৩) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তার বসতবাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকার দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট এসআরবি-৫, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরল হুদা।
গ্রেফতার রনজু সরকার ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রনজু সরকারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ ও চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী আইন এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে।
অভিযানে তার বসতবাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ছাড়া সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে উদ্ধার করা সব আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।
এসআরবি-৫, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতার রনজু সরকার ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।