একসঙ্গে একই সময়ে ১০ লাখেরও বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাবে এই ছাত্র সংগঠনটি।
সারাদেশের সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতারা আগামী ২৬ জুলাই একসঙ্গে সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত ফলজ, বনজ ও ঔষদি জাতীয় গাছের চারা লাগাবেন। এ উপলক্ষে ছাত্রলীগ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছে। বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা জানান, আগামী জুন ও জুলাই এই দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। আগামী ২৬ জুলাই বাংলাদেশের ছাত্রলীগের সব নেতাকর্মী মিলে একসঙ্গে একই সময়ে ১০ লাখের বেশি চারা রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাবে। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫০ বছরে সমুদ্রের উচ্চতা এক মিটার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের উপকূলীয় দুই কোটি মানুষ জলবায়ু জনিত কারণে উদ্বাস্তুতে পরিণত হবে। উপকূল রক্ষা ও উপকূলীয় মানুষকে সচেতন করতে বাংলাদেশ ছাত্রলীগ ফোরাম এক ঘণ্টার এই বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের উপকূল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাবে।
জানা গেছে, এক ঘণ্টায় ১০ লাখ গাছ লাগানো হলে এর আগের এ সংক্রান্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে যাবে। ২০১৫ সালের জুন মাসে ভুটানের রাজধানী থিম্পুতে ১০০ জন স্বেচ্ছাসেবকের একটি দল এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। এর আগে ভারত ২০১২ সালে ৪০ হাজার ৮৮৫টি গাছ লাগিয়ে রেকর্ডটি করেছিল। লন্ডনের বিবিসি বার্থিং প্লেসে এক ঘণ্টায় ১০০ মানুষ ২৬ হাজার ৪২২টি গাছ লাগিয়েছিলেন।
এ প্রসঙ্গ জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, পরিবেশ রক্ষা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ সুদূরপ্রসারী চিন্তা করছে। ছাত্রলীগ বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ একটি ছাত্র সংগঠন। ছাত্রলীগের কর্মীদের উৎসাহ দেওয়া ও নিজেদের দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এভাবে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। বাংলাদেশের বনায়ন সৃষ্টিতে সহায়তা করবে এই সংগঠন।
তিনি বলেন, ঢাকা শহরসহ বিভিন্ন শহরে, রাস্তার ধারে, পতিত জমি, রেললাইনের ধারে, ফ্লাটের বারান্দা, ছাদের টবে গাছ লাগানোর জন্য সহায়তা করবে ছাত্রলীগ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় গাছ লাগানো হবে। উপকূলীয় এলাকায় প্রচুর বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেস্টনি গড়ে তোলা হবে ছাত্রলীগের নেতৃত্বে। দেশের সকল মানুষ ছাত্রলীগের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন সোহাগ। সূত্র: বাসস।
আরও পড়ুন-
রাষ্ট্রদ্রোহ মামলায় আসলামের সাতদিনের রিমান্ড
মামলায় আসক্ত মাদক নিয়ন্ত্রণ অধিদফতর!
/এফএস /এএইচ /








