বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, গণতন্ত্রের লেবাসে দেশে স্বৈরতন্ত্রের শাসন চলছে। দেশকে আজ খাদের কিনারে দাঁড় করানো হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া: বহুদলীয় গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এ আলোচনার আয়োজন করে।
আরও পড়ুন: যারা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ আসবে: আহমেদ রশিদ লালী
খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দল। আর আওয়ামী লীগ হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধার দল।
সাবেক ডাকসু’র এই জিএস বলেন,‘স্বাধীনতা যুদ্ধের সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বলেছিলেন ‘উই রিভোল্ট’। আর আওয়ামী লীগের লোকেরা তখন শরণার্থী হিসেবে পালিয়ে ছিল।’
তিনি বলেন, অর্থমন্ত্রী মেগাবাজেট পেশ করেছেন। আসলে এটি হলো মেগা চুরির বাজেট। এটি গরীব মারার বাজেট।
বিএনপি ভাইস-চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন,‘শেখ সাহেব হত্যার পরে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা না হলে বর্তমান প্রধানমন্ত্রী কখনই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারতেন না।’
আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুজ্জামান দুদু ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন প্রসঙ্গে বলেন,‘এই নির্বাচনে প্রশাসন, আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে সীল মেরেছে।’
ক্ষমতাসীন সরকারের পেশ করা বাজেট প্রসঙ্গে তিনি বলেন,‘সরকার ভয়ঙ্কর বাজেট দিয়েছে,যা মরার ওপর খাড়া ঘাঁ। অথচ এর বিরুদ্ধে ছাত্র বা শ্রমিকদের কোনও মিছিল নেই।’
তিনি বলেন,পাকিস্তানিরাও গণতন্ত্র মানতে চায়নি। যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। বর্তমান সরকারও গণতন্ত্র মানতে চায় না। তারাও যে কোনও মূর্হুতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।
আরও পড়তে পারেন: মুস্তাফিজের ভক্তদের জন্য কড়াকড়ি!
কবীর মুরাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাডভোকেট দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার প্রমুখ।
/এসআইএস/ এমএসএম/








