ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেফতার হওয়া নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি হাটহাজারী থানায় দায়ের করা অস্ত্র মামলায় জামিন পেয়েছেন। সোমবার (১৩ জুন) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও মো. আকবর হোসেন চৌধুরীর যৌথ বেঞ্চ এ আদেশ দেন।
নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দেওয়া কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে রনি আগেই জামিন পেয়েছেন। সর্বশেষ অস্ত্র মামলায় জামিন পাওয়ায় রনির মুক্তিতে আর কোনও বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী স ম রেজাউল করীম।
গত ৭ মে বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিসহ ৯ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরবর্তীতে ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দিয়ে রনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এছাড়া রনির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। গত ২৫ মে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল মামলায় রনিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত। এরপর রনির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করলে সোমবার এ আদেশ দেন আদালত। রনি বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।
আরও পড়ুন-
৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫
জাপার কোনও রাজনীতি নেই
/ইউআই/এফএস/








