জঙ্গিদের উস্কানি দিতে বিএনপি নেতারা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
কল্যাণপুরে নিহতরা জঙ্গি না সাধারণ মানুষ তা নিয়ে সন্দেহ আছে-বিএনপি নেতা হান্নান শাহ’র এমন বক্তব্যের সমালোচনায় তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাসিম এ অভিযোগ করেন। জঙ্গি-সন্ত্রাসবিরোধী কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৩০ জুলাই মাগুড়ায় ও ১১ জুলাই দিনাজপুরে প্রতিরোধ সমাবেশ। এছাড়া,৩১ জুলাই ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে প্রতিরোধ সমাবেশ করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, আবার নতুন করে প্রমাণ হয়েছে বিএনপিই জঙ্গিদের মদদদাতা, প্রশ্রয়দাতা। চিহ্নিত জঙ্গিদের মারার পরে বিএনপির এক নেতা বলেন,নিহতরা জঙ্গি কিনা বিচার করে দেখতে হবে। জঙ্গিদের উৎসাহিত ও তাদের উস্কানি দেওয়ার জন্যে এ ধরনের কথা বলছেন বিএনপি নেতারা।
তিনি বলেন,এ ধরনের বক্তব্যের মাধ্যমে বিএনপি নেতাদের চেহারা প্রকাশ হয়ে যাচ্ছে প্রতিদিন,প্রতি মুহূর্তে। তাই খালেদা জিয়ার ঐক্যের ডাক ভাওতাবাজি ছাড়া কিছু নয়। তিনি বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ঐক্যবদ্ধ হয়েছে, তখন নিজেদের চামড়া বাঁচানোর জন্য খালেদা জিয়া ঐক্যের কথা বলছেন। তাদের ঐক্যের প্রস্তাব ভাওতাবাজি,ভণ্ডামি ছাড়া কিছুই না।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণজাগরন সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন,আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব হবে।
নাসিম বলেন, মঙ্গলবার কল্যাণপুরে সফল অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শোকের মাস উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দলের শরীক দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ আগস্ট যৌথভাবে শোক সভার আয়োজন করা হবে। এ ছাড়া, ১৫ আগস্ট প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া,তরিকত ফেডারেশন মহাসচিব এম এ আউয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি,জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,খালিদ মাহমুদ চৌধুরী,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন,কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।
আরও পড়তে পারেন: কল্যাণপুরে নিহত তিন জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পরিবার
পিএইচসি/ এমএসএম/








