আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে তাদের রাজনৈতিক কার্ড বানিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ্।
শনিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত 'জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হান্নান শাহ্ বলেন, 'ভারত যেমন কাশ্মিরকে নিয়ে খেলছে ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ জামায়াতকে দিয়ে রাজনৈতিক কার্ড বানিয়ে খেলছে।'
সরকার জুন মাসেই জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত কাদের প্রিয় ও অপ্রিয় দল তা আজ দেশের জনগণ বুঝে গেছে।
তারেক রহমানের মামলা প্রসঙ্গে সাবেক মন্ত্রী হান্নান শাহ বলেন, অর্থ পাচার মামলায় তারেক রহমানকে আদালত খালাস দেয়। আর সরকার বলছে, আদালতকে প্রভাবিত করে তারেক রহমানকে খালাস করা হয়েছে। তাই আমি বলতে চাই, আদালতকে প্রভাবিত করতে পারে একমাত্র সরকারই। বিরোধী দল নয়।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকার যদি জাতীয় ঐক্য গড়ে না তোলে তাহলে বিএনপি দেশের সব রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবে। তখন সরকার বাধা দিলে, দেশের জনগণ মনে করবে সরকার নিজেই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত আছে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির সাইদুর রহমান তামান্না, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
আরও পড়ুন-
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নিখোঁজ
দ্রুত বন্দি বিনিময়ে বাংলাদেশ-ভারত একমত
বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে বন্যা দুর্গতরা
/এসআইএস/এফএস/








