বর্তমান সরকার দেশের জনগণকে ধোকা দিতে এবং বিরোধী দল দমনের জন্য নীল নকশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.)আ স ম হান্নান শাহ্।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিষয়ে হান্নান শাহ বলেন, প্রধানমন্ত্রী, উনার তরফ থেকে সত্য কথা বলেছেন। উনি (প্রধানমন্ত্রী) সমঝোতা করেছেন গণবাহীনির প্রধান ও সন্ত্রাসীদের নেতা হাসানুল হক ইনুর সঙ্গে। উনি (প্রধানমন্ত্রী)জাতীয় ঐক্যের বিষয়ে অন্যকোনও রাজনৈতিক দল বা বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেন নি।
গুলশান হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক ছিলে সরকার এ উদ্যোগকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ।
সরকারের সমালোচনা করে হান্নান শাহ্ বলেন, এ সরকার জঙ্গিবাদ দমন করতে পারবে না। কারণ সরকারই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে। তাই জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
বাংলাদেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনও ইস্যুতে বাংলাদেশে রাশিয়া, চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সৈান্য প্রবেশ করে, তাহলে জনগণ শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা প্রতিহত করবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায় প্রসঙ্গে বিএনপি’র সিনিয়র এ নেতা বলেন, তারেক রহমান নাকি অর্থ পাচার করেছেন? কিন্তু অর্থ পাচার করতে হলে তো বাংলাদেশ থেকে টাকা বিদেশে যেতে হবে। তারেক রহমান দেশ থেকে কোনও টাকা বিদেশে পাচার করেননি, যা আদালতে একবার প্রমাণ হয়েছে। তারপরও ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাজা দেওয়া হয়েছে।
মানি লন্ডারিং প্রসঙ্গে হান্নান বলেন, ভারত কিছু দিন আগে বাংলাদেশকে প্রায় দেড় লাখ ভিসা দিল। এখানে গড়ে যদি ৩০ হাজার টাকা করে নিয়ে যায়, তাহলে সেই টাকার পরিমান দাড়ায় সারে ৪ হাজার কোটি টাকা। যা ভারতে পাচার হয়েছে। এছাড়াও হুন্ডির মাধ্যমে ভারতে বহু টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। তাই সরকার যদি সঠিকভাবে এই মানি লন্ডারিং বা অর্থ পাচার রোধ করতে পারে, তাহলে আমরা বুঝবো এই সরকার মানি লন্ডরিংয়ের বিচার করতে পারে।
ভারত যেসব দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় বলেও মন্তব্য করেন হান্নান শাহ।
আয়োজক সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
/এসআইএস/এসএনএইচ/
আরও পড়ুন:
জঙ্গিদের বাসা ভাড়া নেওয়ার মূল হোতা করিম কোথায়?
গুলশান হামলার ১মাস: মূল হোতারা কোথায়?
গুলশান হামলা: একমাস ধরে জঙ্গিদের লাশ মর্গে








