মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীসহ সরকারি বাহিনীর সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চীন চাপ তৈরি করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চীন সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে ভিআইপি লাউঞ্জে ওই সফর প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে এ কথা জানান। সফরে তিনি ছিলেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান।
ফারুক খান বলেন, ‘আগামী এপ্রিলে, অর্থাৎ বর্ষা মৌসুমের আগেই রোহিঙ্গাদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছি আমরা। চীনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। চীন আমাদের আশ্বস্ত করেছে, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে। রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসনে চীন সহায়তাও দেবে বলে জানিয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের ভাইস মিনিস্টার লি জুন আমাদের সঙ্গে বৈঠক করেছেন।’
বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ফারুক খান বলেন, ‘আগামী এক থেকে দেড়-দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমাদের জানানো হয়েছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে চীন। পাশাপাশি এর মাধ্যমে বাংলাদেশ একটি মানবিক উদাহরণ তৈরি করেছে বলেও মনে করে দেশটি। রোহিঙ্গাদের জন্য চীন ১৫৩ টন ত্রাণ পাঠাবে বলেও প্রতিনিধি দলকে জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের ভাইস মিনিস্টার লি জুন।
প্রতিনিধি দলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ ১৮ জন সদস্য ছিলেন। প্রতিনিধি দল গত ১৯ সেপ্টেম্বর চীন সফরে যান। বুধবার (২৭ সেপ্টেম্বর) তারা দেশে ফিরে আসেন।
সফরে চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তারা। মিয়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার বিষয়টিও অবহিত করা হয় চীনকে। আগামী ১৮ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম সম্মেলন। সেই সম্মেলনে রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাছে দাবি জানানো হয়।
বাংলাদেশের তুলে ধরা বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে চীন যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে এই সফরকে সফল বলেই মনে করছে প্রতিনিধি দল।
আরও পড়ুন-
শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ: কেক না কাটার নির্দেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ অব্যাহত রাখতে হবে








