বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন , ‘৫ জানুয়ারির নির্বাচনে ষড়যন্ত্র করে বিএনপিকে দূরে রাখা হয়েছিল। কিন্তু এবার যতই ষড়যন্ত্র করা হোক না কেন, খালেদা জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি।’
মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
তিনি বলেন, ‘সরকার আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু জনগণ এবার রাস্তায় নেমে তাদের ভোট ও গণতান্ত্রিক অধিকার উদ্ধার করবে। খালেদা জিয়া ছাড়া দেশে আর কোনও নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে।’
বিএনপির এই নেতা বলেন,‘আওয়ামী লীগ সরকার অনেকবার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। ১/১১-তে তারেক রহমানকে জেলে ঢুকিয়ে রিমান্ডের নামে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। খালেদা জিয়াকে জেলে নিয়ে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। এর ধারাবাহিকতায় সরকার ও তার মন্ত্রীরা খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাচ্ছে। তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না। এভাবে বিএনপিকে রাজনীতি শূন্য করার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ।’
বিএনপি'র জনসমর্থন দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করে তিনি বলেন,‘সরকার বড় গলায় বলেছিল রাজনীতিতে বিএনপির অস্তিত্ব নেই। খালেদা জিয়া দেশে আসার পর রাস্তায় গণজোয়ার সৃষ্টি হয়েছিল। কক্সবাজার যাওয়ার পথে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ১২ নভেম্বরের সমাবেশে সারাদেশে গণপরিবহন বন্ধ থাকার পরও জনস্রোত বয়ে গিয়েছিল। বিএনপির প্রতি মানুষেরএ সমর্থন দেখে সরকার এখন দিশেহারা।’
আলোচনা সভায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আকতার, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রাজিয়া আলিম প্রমুখ।







