কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে ৩ ঘণ্টা অপেক্ষা করে ফিরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা।
রবিবার দুপুর ১২ থেকে ২ টা পর্যন্ত নাজিমউদ্দিন রোডের কারাগারের সামনে অপেক্ষা করেন বিএনপিপন্থী শিক্ষকদের এ প্রতিনিধি দল।
ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বাংলা ট্রিবিউন বলেন, ২২ জন নারী শিক্ষকসহ আমরা প্রায় ২৫ জনের একটি প্রতিনিধি দল করাগারে আসছিলাম। ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে আবেদন জমা দেই। আবেদন পত্র গ্রহণ করেন এআইজি মামুন সাহেব। আমাদের জানানো হয়, আইজি প্রিজনের সঙ্গে কথা বলে জানানো হবে। আমরা তিন ঘণ্টা অপেক্ষা করে চলে যাচ্ছি।
তিনি বলেন, আমরা কিছু ফল ও শুকনা খাবার নিয়ে এসেছিলাম নেত্রী খালেদা জিয়ার জন্য। কিন্তু উনাকে দেওয়া হলো না।
২৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন - অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম, ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক নাসরীন, অধ্যাপক তাহমিনা আক্তার টফি, অধ্যাপক সাবরিনা, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক সালমা বেগম, ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী প্রমুখ।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন।







