২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় উপলক্ষে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে আওয়ামী লীগ ন্যায়বিচার চায়। সবাই সতর্ক থাকবেন, কোনও অবস্থাতেই উত্তেজিত হওয়া যাবে না। দেখি তারা কী করে?’ মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে দলের নির্বাচনি প্রচারপত্র বিলি করার সময় তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকর বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ন্যায়বিচার দাবি করছি। আমরা অতিরিক্ত কিছু চাই না, যে অপরাধী তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করুন, সে যেই হোক, যত প্রভাবশালীই হোক। এত রক্ত এত প্রাণহানির দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে হবে, আমরা এই প্রত্যাশা করি।’
‘২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত ছিলেন না’ শীর্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মিথ্যাচারের জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে এই কথার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যাচারের নোবেল দেওয়া উচিত। এ রকম ডাহা মিথ্যাচার বিএনপি মহাসচিব বলতে পারেন? মনে আছে, ঘটনা ঘটলো, আমাদের ২৪জন নেতাকর্মী মারা গেলেন, পাঁচশত নেতাকর্মী স্প্লিন্টার শরীরে ধারণ করে এখনও আহত অবস্থায় জীবন-যাপন করছেন।’
ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, সংসদ চলছিল, সংসদে বিরোধী দলের নেতা (শেখ হাসিনা) কথা বলতে দাঁড়িয়েছিলেন কিন্তু মাইক্রোফোন সেদিন খুললো না। খালেদা জিয়া কী বলেছিলেন সেদিন, মনে আছে? বলেছিলেন, ওনাকে আবার কে মারতে আসছে! উনি তো ভ্যানেটি ব্যাগে গ্রেনেড নিয়ে আসছিলেন। আমাদের নেত্রী উত্তর দিয়েছিলেন আমি কি তাহলে আত্মহত্যা করতে গিয়েছিলাম? কী নিষ্ঠুর, কী নির্মম এই দল (বিএনপি)। মির্জা ফখরুল মিথ্যাচারে খালেদা জিয়ার চেয়ে এগিয়ে আছেন।’
বিএনপি আন্দোলনে নামলে জনগণ গণপিটুনি দেবে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই সময় আন্দোলনের ডাক দিয়ে জনগণের কাছে গেলে গণপিটুনি খায় কিনা আমার সন্দেহ হচ্ছে। মানুষ এখন নির্বাচনের মুডে। চৌদ্দ সাল আর আসবে না। ককটেল, নাশকতা, আগুন সন্ত্রাস যদি তারা করতে যায়, জনগণ প্রতিরোধ গড়বে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক আন্দোলন আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। যদি সহিংসতা করেন তাহলে কী করতে হবে, আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যে কঠোর অবস্থানে রয়েছে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মাথা গরম করবেন না, কোনও ধরনের উসকানিতে পা দেবেন না। ঠাণ্ডা মাথায় কাজ করবেন। আক্রমণ করবেন না। আক্রান্ত হলে দাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কিছু করতে গেলে, সময়মতো সবই করতে হবে।’
এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।








