আগামী সোমবার ২৯ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে চান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জোটের পক্ষ থেকে ৭ দফা দাবি জানানো হয়েছে। এসব দাবি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন তারা।
বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৯ অক্টোবর সকালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ আছে। যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাকে জোটের ৭ দফাসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৯ অক্টোবর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য দুই-এক দিনের মধ্যে আবেদন করা হবে। অনুমতি পেলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জোটের ৭ দফা দাবি দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় এবং ভোটারা ভোট দিতে পারে, সে জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার জন্য উদ্যোগ নিতে আহ্বান জানানো হবে।’
বাম গণতান্ত্রিক জোটের ৭ দফা দাবির মধ্যে রয়েছে— আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান সরকার পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা প্রবর্তন ইত্যাদি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাষ্ট্রপতি বরাবর জোটের ৭ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ১৮ জুলাই ৮ দলের সমন্বয়ে গঠিত হয় বাম গণতান্ত্রিক জোট। দলগুলো হচ্ছে— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।








