আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকের পরও গত দুই দিনে বিএনপির একজন মনোনয়নপ্রত্যাশীসহ ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ইসিতে এ অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ অভিযোগপত্র ইসিতে জমা দেন দলটির মামলার তথ্য সংরক্ষণ কর্মকর্তা আলাউদ্দিন খান।
লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘গত ২২ নভেম্বর ইসির সঙ্গে বৈঠকের পর আইনশৃঙ্খলা বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা সারাদেশ থেকে একের পর এক বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে এবং তাদের নামে মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে। মনে হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে নির্বাচন কমিশন।’
লিখিত বক্তব্যে গ্রেফতারকৃত ২১ জনের দ্রুত মুক্তির পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে দলটির নেতাকর্মীদের গ্রেফতার না করার দাবি জানানো হয়। এসময় গ্রেফতারকৃত ২১ জনের তালিকাও ইসিতে সরবরাহ করা হয়।







