আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক আসনে ধর্মভিত্তিক দলগুলো থেকে একক প্রার্থী দিতে চান দলগুলোর বেশ কয়েকজন নেতা। শনিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতারা এ ব্যাপারে বৈঠক করেন। বৈঠকে তারা সিদ্ধান্তে আসেন, যে জোটের হয়েই প্রার্থী হোক না কেন, ধর্মভিত্তিক দলগুলো থেকে একক প্রার্থী দেওয়া হবে। একটি আসন থেকে দুজন প্রার্থী হলে প্রয়োজনে একজন বসে যাবেন এবং একজন নির্বাচন করবেন। বৈঠকে উপস্থিত নেতারা বলেন, এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তারা তাদের নিজ নিজ দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলবেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংসদে গিয়ে ভূমিকা রাখতে হলে আগামী নির্বাচনে আসনভিত্তিক ঐক্যের কোনও বিকল্প নেই। জোটগতভাবেই হোক অথবা দলীয়ভাবেই হোক ইসলামী দলের প্রার্থীরা সংসদে গেলে তারা ইসলামের পক্ষেই ভূমিকা রাখবেন। এ বিষয়টি এখন সবাই নিজ নিজ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোপ করে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ইসলামী দলগুলোর ভোটার প্রায় একই। ভিন্ন ভিন্ন দল থেকে একাধিক প্রার্থী থাকলে এই ভোট ভাগ হয়ে যায়। কিন্তু একজন প্রার্থী হলে জয়ী হওয়াটা সহজ হয়। তাই আমরা ভাবছি, ইসলামী দলগুলোর মধ্যে এমন একটা ঐক্য প্রতিষ্ঠা হোক, যেন কোনও আসনেই ইসলামী দলের একজনের বেশি প্রার্থী না থাকে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন— খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আজগর, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, ইসলামী ঐক্যজোটের (রকিব) সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা শওকত আমীন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি আব্দুল মুমিন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা মেহেদী হাসান, নেজামে ইসলাম পার্টির প্রতিনিধি মুহাম্মদ নুরুজ্জামান, নিজামুদ্দীন আদনান, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, এ বৈঠকের আহ্বান জানিয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক আব্দুর রহিম। তার আহ্বানেই এ বৈঠকে যোগ দিয়েছেন তারা।
বৈঠক আহ্বান প্রসঙ্গে সাংবাদিক আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধর্মীয় বিষয় নিয়ে কাজ করি। অনেক দলের নেতারা ঐক্য নিয়ে আলাপ-আলোচনা করছেন। আমি তাদের সহায়তা করেছি মাত্র। আমি কোনও দলের নেতা নই, আমার আহ্বানে বৈঠক হয়নি। কেউ যদি এ কথা বলে থাকেন, তবে তিনি হয়ত প্রেক্ষাপট না জেনে বলছেন।’







