ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিকরা মিলে মোট ৩৪৭টি মনোনয়নপত্র দাখিল করেছে। এরমধ্যে ২৩১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ২৪৭ জন। এরপরেই আছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)। এই দলটির পক্ষ থেকে ৫১টি মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। আরেক শরিক ওয়ার্কাস পার্টির পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে ৩৪টি মনোনয়নপত্র। এছাড়াও তরিকত ফেডারেশন ২৫টি, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে ১৫ জন ও বাংলাদেশ জাসদ (আম্বিয়া) থেকে আরও ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬টি আসনে দুই জন করে প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। এগুলোর ১৪টিতে নিজ দলীয় প্রার্থীদের মধ্যে এবং বাকি দুটির ক্ষেত্রে একজন দলীয় এবং আরেকজন শরিক দলের নেতা।
তবে শরিকদের আসন ছাড় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে জানা গেছে, শরিক দলগুলোর মধ্যে ওয়ার্কাস পার্টিকে পাঁচটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে তিনটি, বাংলাদেশ জাসদকে (আম্বিয়া) দুইটি, তরিকত ফেডারেশনকে দুইটি এবং জাতীয় পার্টি জেপি’কে (মঞ্জু) একটি আসনে ছাড় দেওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
তবে শরিক দলগুলোর নেতারা বলছেন, এখনও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি আসন নিশ্চিত করা হয়েছে। আলোচনা এখনও চলছে। আশা করি, আসন আরও দুয়েকটি বাড়বে।’
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘আমাদের দুইটি আসনে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আরও একটি আসন নিয়ে আলোচনা চলছে।’
ওয়ার্কাস পার্টিও পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান বলেন, ‘পাঁচটি আসন নিশ্চিত করা হয়েছে। আরও একটি নিয়ে আলোচনা চলছে।’
আওয়ামী লীগের যেসব আসনে দলের একাধিক নেতাকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে সেগুলো হলো: ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা এবং মনোয়ার হোসেন মনু, ঢাকা-৭ এ হাজী সেলিম এবং আবুর হাসনাত। কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ও মসিউর রহমান হুমায়ুন, পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ ও শামসুল হক রেজা, চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, বরগুনা-১ আসনে জাহাঙ্গীর কবির ও ধীরেন্দ্র দেব নাথ শম্ভু, বরিশাল-৫ এ জেবুন্নেছা হীরন ও কর্নেল (অব.) জাহিদ ফারুক, লক্ষীপুর-৩ এ শাহজাহান কামাল এবং গোলাম ফারুক টিংকু, জামালপুর-৫ এ রেজাউল করিম হীরা ও ইঞ্জিনিয়ার মোজাফফর। আর যেসব আসনে দল ও জোটের প্রার্থীরা পেয়েছেন তারা হলেন: ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের সাজেদা চৌধুরী ও জাকের পার্টির মোস্তফা আমির ফয়সাল এবং নড়াইল-১ এ জাসদের শরীফ নুরুল আম্বিয়া ও আওয়ামী লীগে কবিরুল হক মুক্তি।








