বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন মেয়ে মির্জা শামারুহ। এরই মধ্যে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিএনপির মহাসচিবের নির্বাচনি আসন ঠাকুরগাঁও সদরে প্রচারণায় যোগ দেন তিনি। তার হাত ধরে জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি বিএনপিতে যোগও দিয়েছেন। বুধবার (১৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন শামারুহ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে একাধিক নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে যোগ দেন শামারুহ। শুখানপুকুরীর কার্তিকতলায় আয়োজিত এক প্রচারণা অনুষ্ঠানে তিনি বলেন, তারা দুই বোন যখন ছোট ছিলেন তখন তাদের বাবা সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে ঠাকুরগাঁওবাসীর কাছে চলে এসেছেন। এরপর থেকে তারা বাবাকে কাছে পাননি।
শামারুহ বলেন, ‘আমার বাবা এই ৭০ বছর বয়সে আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। উনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, বৃদ্ধ অবস্থায়ও লড়েছেন। আপনারা কি থাকবেন না তার জন্য?’ তিনি বলেন, ধানের শীষের ভোট কিন্তু বিএনপি বা মির্জা ফখরুলের ভোট নয়, পুরো বাংলাদেশকে ফিরিয়ে আনার ভোট।







