সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট: আব্দুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৪:২৮

 


সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এমন অভিযোগ করেন তিনি।

আব্দুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের মিথ্যাচারের ভয়াবহতা এতই প্রকট হয়ে উঠেছে যে, তাদের মনগড়া, বিকৃত, বাস্তবতা বিবর্জিত অপপ্রচার রাজনীতির ময়দান ছেড়ে আমাদের জাতিগত গর্ব ও আত্মমর্যাদার স্মারক জাতীয় সেনাবাহিনী পর্যন্ত গড়িয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী আজ বিশ্বশান্তি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে। কিন্তু আজ বিএনপি-জামায়াত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’

তিনি বলেন, ‘কিছুদিন আগেও আপনারা দেখেছেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. জাফরুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কীভাবে নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচার করেছেন। পরবর্তীতে তার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছিল। আর এখন সেনাবাহিনীর নামে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক আইডি খুলে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিএনপি-জামায়াতের এই ধরনের ষড়যন্ত্র নতুন নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মিথ্যা ক্যু-এর নামে তথাকথিত সামরিক ট্রাইব্যুনালে প্রহসনের বিচারে শত শত মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও হাজার হাজার সেনা সদস্যকে হত্যা করেছেন। প্রতিদিন নাস্তার টেবিলে বসে অবৈধ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শত শত সেনা সদস্যের ফাঁসির রায় স্বাক্ষর করতেন। বিএনপি-জামায়াত অশুভ জোট সবসময় সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে।’
বিবেকের আয়নার সামনে দাঁড়ালে ড. কামাল হোসেন নিজের পাশে ইয়াহিয়া খানকে দেখতে পারবেন এমন মন্তব্য করে আব্দুর রহমান বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতা পাকিস্তানপ্রেমী ড. কামাল হোসেন গতকাল তার সংবাদ সম্মেলনে ৭১-এর গণহত্যাকারী ইয়াহিয়া খানের নাম উচ্চারণ করেছেন। বিবেকের আয়নার সামনে দাঁড়ালে ইয়াহিয়ার পাশে নিজেকে দেখতে পাবেন তিনি। ড. কামাল হোসেন এখন পাকিস্তানি ভাবধারার অনুসারীদের অভিভাবক। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর খালেদ মোশাররফ, কর্নেল তাহের, শাফায়েত জামিলসহ শত শত সেনা কর্মকর্তার হত্যাকারী, ২১ আগস্টের হামলাকারী, একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের পৃষ্ঠপোষক।’
বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের প্রার্থীরা নিজেদের লোক দিয়ে বিভিন্ন জায়গায় হামলা ও সহিংসতা চালাচ্ছে এমন অভিযোগ করে আব্দুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের প্রার্থীরা নিজেদের লোক দিয়ে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের নির্বাচনি অফিসে হামলা, অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। যা তাদের নেতাদের ফাঁস হওয়া ফোনালাপ থেকে প্রমাণিত হয়েছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে তারা ঢাকাসহ সারা দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে বলে আমরা জেনেছি। দেশবাসীকে বিএনপি-জামায়াতের এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা অপতৎপরতার বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দিন।’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ আওয়ামী লীগে ২৩ জন যুদ্ধাপরাধী রয়েছে, এর পরিপ্রেক্ষিতে আব্দুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের ভেতরে যুদ্ধাপরাধী রয়েছে- এটা শুধু একটা বলার জন্য বলা কথা। আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী আলিমকে কেউ খুঁজে পাবে না, আওয়ামী লীগের মধ্যে মুজাহিদ এবং নিজামীকেও খুঁজে পাওয়া যাবে না। যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনালে বিচার হয়েছে, সেই বিচারের রায় হয়েছে। এরকম কোনও যুদ্ধাপরাধী আওয়ামী লীগের মধ্যে যদি থেকে থাকে তাহলে বিএনপির ট্রাইব্যুনালের আশ্রয় নেওয়া উচিত ছিল। ট্রাইব্যুনালের আশ্রয় না নিয়ে এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যাচার করা জাতির জন্য লজ্জাকর এবং এটা আমাদের কাছে হাস্যকর ব্যাপার। ’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন প্রমুখ।

/এসও/এপিএইচ/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ