বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী পরপর তৃতীয়বারের মতো বিজয়ের রেকর্ড সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (৩১ ডিসেম্বর) রাতে এক ব্যক্তিগত চিঠিতে বি. চৌধুরী শেখ হাসিনাকে এই অভিনন্দন জানান।
বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
গণভবনে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বি. চৌধুরী বলেন, ‘আপনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি পরপর তৃতীয়বারের মতো একটি মহাবিজয়ের রেকর্ড সৃষ্টি করেছেন। অবশ্যই এ বিজয় আপনার প্রাপ্য।’
চিঠিতে বি. চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ গত ১০ বছরে আপনার আমলে আপনার সুযোগ্য নেতৃত্বে বিস্ময়কর উন্নয়নের রেকর্ড অর্জন করেছে, তাই বাংলাদেশের জনগণ আপনাকে দ্বিধাহীন ও অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।’
বি. চৌধুরী বলেন, ‘বিকল্পধারা বাংলাদেশ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমরা আশা করি, উন্নয়নের এই বিস্ময়করধারা বাংলাদেশকে পৃথিবীর অগ্রগামী দেশগুলোর কাতারে দ্রুত এগিয়ে নিয়ে যাবে।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমরা আরও বিশ্বাস করি, উন্নয়নের পাশাপাশি সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আপনার অব্যাহত অবদান আপনাকে স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করবে। এই লক্ষ্য অর্জনে বিকল্পধারা বাংলাদেশ সব সময় আপনার পাশে থাকবে।’
বি. চৌধুরী চিঠিতে শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।








