ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হকের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম আতিক। তিনি বলেছেন, ‘নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হকের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবো।’
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
এসময় তার কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আতিক বলেন, ‘আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি উচ্চতর মাপে নিয়ে গেছেন। এই উচ্চতায় যাওয়ার কারণেই আমরা যারা ঢাকায় থাকি তাদের চাওয়া পাওয়া অনেক বেশি হয়ে গিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আপনাদের কথা দিতে চাই, আনিস ভাইয়ের অসমাপ্ত কাজ অচিরেই পূর্ণ করবো। আপনাদের সহযোগিতায় ঢাকা শহর থেকে জলাবদ্ধতা, যানজট, জলজট দূর করবো। একটি পরিবেশবান্ধব ঢাকা শহর যাতে করতে পারি সেই চেষ্টাই করবো।’








