হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর খিদমাহ হাসপাতালে ভর্তি আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কয়েকজন নেতা তাকে মঙ্গলবার (২৯ জানুয়ারি) হাসপাতালে গিয়ে দেখে এসেছেন।
দলটির পক্ষ থেকে মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, বাবুনগরী অসুস্থ। তার পাসপোর্ট সরকারের কাছে জব্দ আছে। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য দ্রুত তার পাসপোর্ট ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া জানান, খিদমাহ হাসপাতালে বাবুনগরীকে দেখতে দলের সিনিয়র নায়েবে আমি মাওলানা ইসমাঈল নূরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীনসহ অনেকে দেখতে যান। সেখানে মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, ‘মাওলানা বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন। অথচ বর্তমান সরকার উনার পাসপোর্ট জব্দ করে রেখেছে। উনাকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। এটা চরম অন্যায়। এ পরিস্থিতিতে উনার কিছু হলে দেশবাসী সরকারকে ছাড় দেবে না। অতিসত্ত্বর উনার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে তাকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুনগরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে। মঙ্গলবার দলটির পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয়। জীবনমরণ সন্ধিক্ষণে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত দিয়ে তাকে বিদেশে চিকিৎসা করোনো জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ‘মাওলানা বাবুনগরীকে মানবিক কারণেই বিদেশে চিকিৎসা করানো উচিত। এ ব্যাপারে গড়িমসি করা উচিত হবে না। তার পাসপোর্ট অনেকদিন যাবৎ সরকার জব্দ করে রেখেছে। এখন যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, তাই তার সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করা উচিত।’
বাবুনগরীর আশু রোগমুক্তি কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আগে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ হেমায়েতুল্লাহ, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।







