পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের এক কোটি এবং আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। সোমবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম) সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ডাক্তার এম এ সামাদ বলেন,‘ চক বাজারে অগ্নিকাণ্ডে নিহতদের এক কোটি ও আহতদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা মনে করে এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ সরকারের নেই। একটি সভ্য দেশে আবাসিক এলাকায় এমন রাসায়নিক কারখানা থাকতে পারে না। এর দায় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে।’
সরকারের অযোগ্যতা, অদক্ষতা ও সীমাহীন দুর্নীতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে দাবি করে তিনি বলেন, ‘২০১০ সালে নিমতলী অগ্নিকাণ্ডে ১২৫ জনের মৃত্যুর পরও সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি কেন?’ তিনি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আবাসিক এলাকা থেকে রাসায়নিক গোডাউন সরিয়ে নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলম প্রমুখ।







