দেশ বিরোধী দলমুক্ত হোক বা বিরোধী দল দুর্বল হোক –এটা আওয়ামী লীগ চায় না বলে দাবি করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কান্নাকাটি করে, বিদেশিদের কাছে ধরনা দিয়ে এদেশে রাজনীতি হবে না। সংসদে যোগ দিন। শক্তিশালী বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করুন।’
বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি ভয় পেয়ে লড়াই-সংগ্রাম ও নির্বাচন থেকে পালিয়েছে মন্তব্য করে নাসিম বলেন, ‘আপনারা ভয় ছেড়ে রাজনীতি করুন। রাজপথ ও সংসদে সক্রিয় হোন।’
আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। সবাইকে আওয়ামী লীগ বানালে হবে না। মনে রাখা দরকার, ৭৫-এর আগে সবাই বাকশাল হয়ে গিয়েছিল। তখন অন্য কাউকে খুঁজে পাওয়া যাননি। তারপরও আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। সবাইকে সবসময় সত্য কথা বলে দেশকে এগিয়ে নিতে হবে।’
রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘কল-কারখানা, গোডাউন আবাসিক এলাকায় থাকতে পারে না। ব্যবসায়ীদের বুঝতে হবে, আবাসিক এলাকায় কেমিক্যাল গুদাম থাকলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। কেমিক্যাল গোডাউনগুলোকে কেরানীগঞ্জ হস্তান্তর করতে হবে। এ ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না।’
নাসিম বলেন, ‘গোডাউন রেখে নিজেকে এবং নিজের সন্তানকে হত্যার ব্যবস্থা করছেন। এই গোডাউন না সরিয়ে প্রশাসনের দুর্বলতা দেখানোর অর্থ হলো, আবার নিমতলী-চকবাজারের পুনরাবৃত্তি করা। শিগগিরই এই কেমিক্যাল গোডাউন কেরানীগঞ্জে স্থানান্তর করুন। এই বিষয়ে কোনও ছাড় দেওয়ার সুযোগ নেই।’







