ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নেওয়ার পর, দলটি থেকে নির্বাচিত অপর পাঁচ সদস্যকেও শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চারজন নারী এমপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের মদদে এ দেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার তা দমন করেছে। দলটি জনকল্যণের রাজনীতি করে না বলেই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে হাতিয়ার করেছিল। একই কারণে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে দেওয়া হচ্ছে না। আমি নির্বাচিতদের জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
হানিফ বলেন, ‘সংসদে না গেলে জনগণ আর কোনও দিন বিএনপিকে ভোট দেবে না। যারা নির্বাচিত হয়েছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে শপথ নিয়ে জনরায়কে সম্মান করবেন বলে আশা করছি।’
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, অথচ সংসদে আসতে চান না।’
ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান হিসেবে বক্তৃতা রাখেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ। এ সময় নারী এমপি ফজিলাতুন্নেছা ইন্দিরা, নার্গিস রহমান, শবনম শিলা, জিন্নাতুল বাকিয়াকে সংবর্ধনা দেওয়া হয়।








