ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি থেকে অবশেষে ১৯ পদ মঙ্গলবার (২৮) রাতেই শূন্য ঘোষণা করার কথা। এই ১৯ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সভাপতির নির্দেশের ১৩ দিনের মাথায় এ সিদ্ধান্ত আসছে।
এ ব্যাপারে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হবে জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে ঘোষণা দেওয়া ১৫ জনের মধ্যে ৮ জন থাকছেন নতুন তালিকাতেও। বাকি ৭ জন কমিটিতে বহাল থাকবেন। যে ১৯টি পদ শূন্য ঘোষণা করা হবে সেগুলোতে যোগ্যতার ভিত্তিতে অন্যদের স্থান দেওয়া হবে।’
গোলাম রাব্বানী বলেন, ‘সাংগঠনিক দায়বদ্ধতা থেকে আমরা ১৯ জনের নাম পেয়েছি৷ যাদের পদ আজ (মঙ্গলবার) রাতের মধ্যেই শূন্য ঘোষণা করা হবে।’ তবে অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ করা যাবে না বলে জানান তিনি। বলেন, তাদের প্রত্যেককে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
এই ১৯ জনের বিরুদ্ধে কেউ কমিটির কাছে কোনও অভিযোগ করেননি বলে জানান রাব্বানী। সাংগঠনিক দায়বদ্ধতা থেকে নিজেরা তদন্ত করে এই তালিকা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এক্ষেত্রে বিভিন্ন সংস্থার সাহায্য নেওয়া হয়েছে।
প্রথম যে ১৫ জনের নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে কতজন ১৯ জনের তালিকায় রয়েছেন জানতে চাইলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের মধ্যে আটজন রয়েছেন।’
গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বেশ কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ‘পদবঞ্চিত’রা। নতুন কমিটি ও ‘পদবঞ্চিত’দের মধ্যকার টানাপড়েনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেদিনই (১৫ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিতর্কিত ১৭ জনের কথা জানিয়ে ১৫ জনের তালিকা প্রকাশ করা হয়। ঘোষণা দেওয়া হয়, দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সভাপতির নির্দেশের ১৩ দিনের মাথায় ১৯ জনকে চিহ্নিত করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছে ছাত্রলীগ।








